মামুনুলদের বিজেএমসির 'উপহার'
গোলরক্ষকের সামনে দাঁড়ানো বিজেএমসির তিন ডিফেন্ডার। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার এতটুকু আগ্রহ নেই কারোর! তাই ৪-৫ সেকেন্ড সময় নিয়ে আয়েশি ভঙ্গিতে বল জালে পাঠালেন চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার ইব্রাহিম। চট্টগ্রাম আবাহনীকে যেন গোল ‘উপহার’ দিল বিজেএমসি! সিলেটে কাল বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু বিজেএমসির ফুটবলারদের শরীরী ভাষায় লড়াইয়ের কোনো স্পৃহাই ছিল না!
১৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মামুনুলের দুর্দান্ত এক শট ক্রসবারে লেগে ফেরে। খেলাটা দারুণ জমে ওঠে প্রথমার্ধের যোগ হওয়া সময়টুকুতেই। জাহিদের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন লিউনেল প্রিউক্স (১-০)। পরের মিনিটেই প্রতি আক্রমণ থেকে আচমকা গোল শোধ করেন জিকু (১-১)। এরপর দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের ওই ‘আয়েশি’ গোল (৬৯ মিনিটে)। ইব্রাহিম বক্সের মধ্যে বল পেয়ে বেশ কয়েক সেকেন্ড সময় পেয়েছেন গোল করার। ওই সময় বিজেএমসির তিন ডিফেন্ডারের কেউ এগিয়ে আসেননি, উল্টো চেয়ে চেয়ে দেখলেন গোল খাওয়ার দৃশ্যটা! ওই গোলে ২-১-এ এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এরপর শেষ বাঁশি বাজার সামান্য আগে লিওনেল করেন জয় নিশ্চিত করা তৃতীয় গোল। এই জয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে উঠল মামুনুলদের দল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নয়ে বিজেএমসি।
আরামবাগের বড় জয়: সিলেটে প্রথম ম্যাচে মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র। কিন্তু পরের ম্যাচে শুধু জিতলই না আরামবাগ, দারুণ দাপটে ফেনী সকারকে হারিয়েছে ৫-১ গোলে। আরামবাগের সাজিদ ও জাফর দুটি করে গোল করেছেন। অন্য গোলটি আবদুল্লাহর। ফেনী সকারের একমাত্র গোলটি চৌমরিন রাখাইনের।
দুই মিনিটে সাজিদের গোলে এগিয়ে যায় আরামবাগ (১-০)। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবদুল্লাহ (২-০)। ৪৫ মিনিটে চৌমরিনের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে ফেনী সকার (২-১)। ৬৫ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন সাজিদ। ৭৭ মিনিটে বক্সের মধ্যে ফেনীর রিদন সাজিদকে টেনে ধরলে পেনাল্টি পায় আরামবাগ। কিন্তু সাজিদের দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে দেন ফেনীর গোলরক্ষক সুজন চৌধুরী। ফিরতি বল সাইডপোস্টে লেগে ফিরলে তা থেকে গোল করেন জাফর ইকবাল (৪-১)। ৮৩ মিনিটে আরামবাগের পঞ্চম গোলটিও জাফর ইকবালের। আরামবাগের গোলরক্ষক মিতুল লাল কার্ড দেখায় শেষ ৫ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।
৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আরামবাগ উঠল সাতে। ফেনী সকার সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আটে রইল। কাল শেষ হলে বিপিএলের সিলেট-পর্ব। ১৪ অক্টোবর থেকে ঢাকায় দশম রাউন্ডের খেলা।