ফুটবল মাঠে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ এক পুঁচকে দল। ৩ সেপ্টেম্বর পার্থে দুই দলের অসম লড়াইটা ‘সকারু’দের সহজেই জিতে যাওয়ার কথা। এরপর ৮ সেপ্টেম্বর দুশাম্বেতে অস্ট্রেলিয়া খেলবে তাজিকিস্তানের সঙ্গে। এই দুটি দলের সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নরা কখনোই খেলেনি। তবে বিশ্বকাপ বাছাইয়ে এই দুটি ম্যাচের জন্য চোটে পড়া আক্রমণের তিন বড় অস্ত্রকে রেখেই শক্তিশালী দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলো।
২৩ জনের দলের মাত্র তিনজন অস্ট্রেলিয়ায় খেলেন। বাকিরা সবাই খেলেন ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি, স্কটল্যান্ড, চীন, কোরিয়া, স্পেন, জাপান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতে। গোলরক্ষক ম্যাট রায়ানের ঠিকানা ভ্যালেন্সিয়া। তবে রায়ান নন, দলের সবচেয়ে বড় তারকা টিম কাহিল এভারটনে খেলেছেন অনেক দিন, এখন তাঁর গায়ে চীনের সাংহাই সিনহুয়ার জার্সি। অস্ট্রেলিয়ার হয়ে ৮৩ ম্যাচে ৩৯ গোল করা কাহিল সকারুদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। খেলেছেন তিনটি বিশ্বকাপ। কাহিলের বিপক্ষে খেলা বাংলাদেশের ফুটবলারদের জন্য রোমাঞ্চকর, এরই মধ্যে কয়েকবারই কথাটা বলেছেন মামুনুলরা।
বাংলাদেশের ফুটবলারদের কাছে অন্য নামগুলো কম পরিচিত, তবে ধারে-ভারে অস্ট্রেলিয়া যোজন যোজন এগিয়ে। তার ওপর রোবি ক্রুস, মাসিমো লুয়োঙ্গো, টম রজিকের ফেরা দলের শক্তি বাড়িয়েছে আরও। প্রথম দুজন কিরগিজস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ২-১ গোলে জেতা ম্যাচে ছিলেন না চোটের কারণে। বেয়ার লেভারকুসেনের সহযাত্রী এখন ক্রুস, অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৮ ম্যাচে যাঁর গোল ৪টি। কুইন্স পার্ক রেঞ্জার্সের মাসিমোর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে ১২টি। স্কটিশ দল সেল্টিকের হয়ে খেলছেন টম রজিক।
এই তিনজন ফিরে আসায় কোচ পোস্তেকোগলো খুবই খুশি, ‘মাসিমো, রোবি ও রজিককে আমরা পাচ্ছি। এটা খুব ইতিবাচক। এবং ওদের অন্তর্ভুক্তি আক্রমণে আমাদের গভীরতা বাড়িয়ে দিয়েছে।’ পরপরই খেলোয়াড়দের প্রশংসা তাঁর মুখে, ‘তিনজনই ফিটনেস ফিরে পেয়েছে এবং ফর্মে থেকে মৌসুমটা শুরু করেছে। এই খেলোয়াড়দের আপনি যখন টিম কাহিল, ম্যাট লেককি, টমি জুরিক, নাথান বার্নস ও টমি ওরদের সঙ্গে যোগ করবেন, পার্থের দর্শকেরা দারুণ কিছুই দেখতে পাবে।’
বাংলাদেশ দল চাইবে যতটা সম্ভব কম গোল হজম করা। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কম গোল’ মিশন সফল করতেও চাই ভালো প্রস্তুতি। কিন্তু মাত্রই পাঁচ দিন পর অস্ট্রেলিয়ার পথে উড়াল দেওয়ার আগে এখন পর্যন্ত বাংলাদেশ দলের মাঠের কোনো প্রস্তুতি নেই! দলও ঘোষণা করা হয়নি।
বাফুফের হাবভাবে মনে হচ্ছে, ফল যেহেতু জানা, দলটাকে পাঠিয়ে দিলেই হয় অস্ট্রেলিয়ায়! নইলে কোচ লোডভিক ডি ক্রুইফ ১৭ আগস্ট ঢাকায় আসার পর তাঁকে বসিয়ে রাখা কেন! এমনিতেই ডি ক্রুইফ এখন খণ্ডকালীন কোচ, তার ওপর ঢাকায় এসে কাজ ছাড়া বসে আছেন।
অবশেষে কাল সন্ধ্যায় ডি ক্রুইফকে নিয়ে যাওয়া হয় বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়ালের বাসায়। সেখানে ঠিক হয়েছে, ২২ আগস্ট লিগে আবাহনী-শেখ জামাল শেষ ম্যাচটি শেষ হওয়ার পরদিন ২৩ আগস্ট বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে। যার অর্থ, ঢাকা ছাড়ার আগে প্রস্তুতি হবে মাত্র তিন দিন!