মামুনুলদের লক্ষ্য লজ্জা এড়ানো
গত এশিয়ান গেমসের দুঃস্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামকে। গুয়াংজুতে গ্রুপপর্বে উজবেকিস্তানের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটি হেরেছিল ৩-০ গোলে, হংকংয়ের কাছে হারের ব্যবধান ছিল ৪-১। আগামী সেপ্টেম্বরে ইনচনে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে এবারও বাংলাদেশের গ্রুপসঙ্গী হয়েছে উজবেকিস্তান ও হংকং। আটটি গ্রুপের মধ্যে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান। আট গ্রুপের সেরা দুটি দল যাবে পরের রাউন্ডে (শেষ ষোলো)। সেই বিবেচনায় এবারও বাংলাদেশ ফুটবল দল বড় আশা নিয়ে যেতে পারছে না।
র্যাঙ্কিং বিবেচনায় গ্রুপের সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ। উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ৫১, এশীয় র্যাঙ্কিং ৩। আফগানিস্তানের ১২৯ ও ১৯। হংকংয়ের ১৬১ ও ৩২। এই গ্রুপে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৭০, এশীয় র্যাঙ্কিং ৩৬। এই বাস্তবতা মাথায় রেখেই অধিনায়ক মামুনুল ইসলাম কাল বললেন, ‘এসব ভেবে লাভ নেই। আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে খেলতে চাই। গত এশিয়ান গেমসের মতো লজ্জায় পড়তে চাই না।’
এশিয়ান গেমসের জন্য বিকেএসপিতে অনুশীলনরত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ইনচনে যাওয়ার আগে ঢাকা ও সিলেটে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ২৬ ও ২৯ আগস্ট।
কাবাডিতে কঠিন গ্রুপে বাংলাদেশ: এশিয়ান গেমসে ৩ বার রুপা ও ২ বার ব্রোঞ্জজয়ী বাংলাদেশ পুরুষ কাবাডি দলের কোচ আবদুল জলিল এবার পদকের আশা করতেই সাহস পাচ্ছেন না। কারণ ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা গেমসে কাবাডি অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই টানা চ্যাম্পিয়ন, গ্রুপের অন্য দুই দল শক্তিশালী পাকিস্তান ও থাইল্যান্ড। বাংলাদেশ মহিলা দলও ভারতের সঙ্গে পড়েছে ‘এ’ গ্রুপে, গ্রুপের অন্য দলটি স্বাগতিক দক্ষিণ কোরিয়া।
ফুটবল দলের সূচি
১৫ সেপ্টেম্বর হংকং
১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান
২২ সেপ্টেম্বর আফগানিস্তান