মামুনুলদের হারিয়ে দিল রহমতগঞ্জ

ঢাকা আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান - কত বড় বাজেটের দল, কত শক্তিশালী। লিগের ছয় ম্যাচ পর তো এদের মধ্যেই কারও শীর্ষে থাকার কথা ছিল! কিন্তু সব অনুমানকে এবার যেন বুড়ো আঙুল দেখিয়ে চলেছে রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল মুক্তিযোদ্ধা সংসদের পাশে বসেছে রহমতগঞ্জ। তবে মুক্তিযোদ্ধা এগিয়ে গোল ব্যবধানে।
মোহামেডানের সঙ্গে ড্র করে লিগ শুরু করেছিল রহমতগঞ্জ, প্রথম চমক ছিল শক্তিশালী শেখ রাসেলকে হারানো। এরপর ড্র করেছে শেখ জামাল-মুক্তিযোদ্ধার সঙ্গেও। চমকের ধারাটা আজও ধরে রাখল রহমতগঞ্জ। হারিয়ে দিল মামুনুলদের।
ম্যাচের ৬ মিনিটে এল প্রথম গোল। কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেহবুব হাসান নয়ন। গোল খাওয়ার পর থেকেই আরও বেশি আক্রমণ শুরু করে চট্টগ্রাম আবাহনী। কিন্তু রহমতগঞ্জকে দেখে মনে হচ্ছিল, যেন ঠান্ডা মাথায় সবকিছু সামলে নেওয়ার প্রস্তুতি নিয়েই নেমেছে তারা। উল্টো প্রতি আক্রমণে ভয়ও ধরিয়ে দিচ্ছিল শিরোপা প্রত্যাশী চট্টগ্রামের দলটিকে।
প্রতি আক্রমণেই এল দ্বিতীয় গোল, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয়ার্ধে খেলা হলোই মূলত রহমতগঞ্জের অর্ধে। যেন চট্টগ্রাম আবাহনীর আক্রমণ বনাম রহমতগঞ্জের রক্ষণ। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল বের করে উল্টো আক্রমণে যায় রহমতগঞ্জ। প্রায় ফাঁকা চট্টগ্রাম আবাহনী রক্ষণের সামনে বল টেনে নিয়ে গিয়ে গোল করেন সিও জুনাপিও।
৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্র রহমতগঞ্জের। আর ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে মামুনুলদের চট্টগ্রাম আবাহনী।