
এই প্লে-অফ থেকে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার স্বপ্নটা মাটিচাপা পড়েছে দুশানবেতেই। ২ জুন প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলের হারেই নিশ্চিত হয়ে গেছে ফিরতি ম্যাচে কঠিন উজান বেয়ে জেতা দুঃসাধ্য। সুতরাং আজ ঘরের মাঠে তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির আর গুরুত্ব কী!
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা সাড়ে ৪টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ বেতারও চলতি খেলার ধারাবিবরণী প্রচার করবে। কিন্তু দৃশ্য-শ্রাব্য মাধ্যমে ঢুকেও এই ম্যাচ মনে হয় না বাংলাদেশের ফুটবল মানসকে খুব বেশি টানতে পারবে।
এই প্লে-অফ বৈতরণি পেরিয়ে বাছাইপর্বে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ৬ গোলের ব্যবধানে। কিন্তু পৃথিবীর সবচেয়ে আশাবাদী লোকটিও বাংলাদেশকে অত বড় ব্যবধানে জয়ী দেখেন না আজ। ড্র করতে চাওয়াটাই তো সাহসের ব্যাপার। কাল ফুটবল ভবনে হওয়া সংবাদ সম্মেলনে কোচ লোডভিক ডি ক্রুইফ বললেন, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আমার মানসিকতা ইতিবাচক। ছেলেরা কঠোর অনুশীলন করছে। ওরা শতভাগ দেওয়ার জন্য উন্মুখ। আশা করি, ভালো একটা ম্যাচই হবে।’ এই ‘ভালো’ কি জয়, ড্র, ব্যবধান যতটা সম্ভব কম রেখে হার—কোচের বাক্যে সেটি পরিষ্কার নয়। আর খেলোয়াড়েরা শতভাগ দিতে প্রস্তুত—কোচের এই কথারও মনে হয় ভিত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র ফুটবলার তো বলেই ফেললেন, ‘জুনিয়ররা মাঠে পুরোপুরি উজাড় করে খেলে না।’ শতভাগ আদায় করে নেওয়ার দায়িত্ব কোচের, সেই কোচকেই তো পরে মনে হলো বিভ্রান্ত, ‘এসব ম্যাচে ছেলেদের খেলা দেখে মনে হয়েছে ওরা প্রাইমারি স্কুল শেষ করে সরাসরি ইউনিভার্সিটিতে এসে পড়েছে। মাঝখানে কিছু শেখেনি।’
মাঝখানে কী, এখনো অনেক কিছুই শেখা হচ্ছে না বা শিখতে অনাগ্রহী বাংলাদেশের ফুটবলাররা। দুশানবেতে সেদিন ৫ গোলের দুটিই হয়েছে ফ্রি-কিক থেকে, একটি কর্নার থেকে। গত ম্যাচের আগে সহকারী কোচ সাইফুল বারী নাকি ভিডিওতে অন্তত ২৫ বার ‘ডেড বলে’ তাজিকিস্তানের শক্তির জায়গাটি দেখিয়েছিলেন। কিন্তু মাঠে নেমেই ফুটবলারদের সব গড়বড়। যাঁরা ওই ম্যাচে ভুলগুলো করেছেন পরশু আলাদা ভিডিও সেশনে তাদের সেগুলো দেখানো হয়েছে। কিন্তু ভুল থেকে শিক্ষা কি তাঁরা নেবেন, না নিতে পারবেন?
আগের আট মাস কর্মহীন ডি ক্রুইফ এক মাসের চুক্তিতে আবার বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন। এই ম্যাচের পরই দেশে ফিরে যেতে হবে। তবে এ ম্যাচে ড্র করতে পারলেও ডাচ কোচকে হয়তো আরও কিছু দিন রাখতে পারে বাফুফে। আর ইতিহাস থেকে বাংলাদেশ অন্তত ড্রয়ের অনুপ্রেরণা পেতেই পারে। তাজিকিস্তানের সঙ্গে নয় ম্যাচে মাত্র একটি জয়ের পাশে দুটি ম্যাচ ড্রও করেছে বাংলাদেশ। সেই দুটিই বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
আগের ম্যাচেই বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বাছাইপর্বে এক পা দিয়েই রেখেছে তাজিকরা। আজ কী স্কোরলাইন হবে? সংবাদ সম্মেলনে ভদ্রতা দেখিয়ে তাজিকদের রাশিয়ান কোচ খাকিম ফুজায়লভ বাংলাদেশকে সমীহই করলেন, ‘যখন পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিই, আগের সবকিছু ভুলে যাই। বাংলাদেশ আগে যেমনই খেলুক কেন, আমরা তাদের শ্রদ্ধা করি। তা ছাড়া এখানে ভিন্ন কন্ডিশনে খেলতে হবে। যদিও জিততেই এসেছি আমরা।’
তাজিক কোচ এমনটা বলতেই পারেন। জয় তো বাংলাদেশের কাছেই অলীক স্বপ্ন। অধিনায়ক মামুনুল তবু যেন সেটি পুষে রেখেছেন বুকের কোণে, ‘দেশে-বিদেশে যেখানেই খেলতে নামি আমাদের বুকে বাংলাদেশের পতাকা থাকে। আমি বলব, ফুটবল হারিয়ে যায়নি। মাঠেই আছে। আমাদের দরকার শুধু একটা জয়। দেখা যাক।’