মামুনুলদের 'ভাগ্যবান' ভাবছেন আশীষ

বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া! গত এপ্রিলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের গ্রুপিং যখন চূড়ান্ত হলো, তখন অনেক ফুটবলপ্রেমীরই চক্ষুচড়কগাছ! অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সঙ্গে কীভাবে লড়াই করবে বাংলাদেশ? চারবার বিশ্বকাপ খেলা দল, ফুটবল মানে প্রায় আকাশ-পাতাল পার্থক্য, বিশ্বমানের খেলোয়াড় সমৃদ্ধ এই অস্ট্রেলিয়ার বিপক্ষে তো মাঠে দাঁড়াতেই পারার কথা নয় বাংলাদেশের। গ্রুপিং চূড়ান্ত হয়ে যাওয়ার পর অনেকেরই মাথায় ঘুরছিল ২০১৪ বিশ্বকাপে হল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি। ফন পার্সি, আরিয়েন রোবেনদের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে কী দারুণভাবেই না সে ম্যাচ ২-২ সমতায় ফিরে এসেছিল অস্ট্রেলিয়া। এমন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ কি মাঠে টিকে থাকতে পারবে? এমন দুশ্চিন্তাও পেয়ে বসেছিল অনেককে। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম অধিনায়ক আশীষ ভদ্রের ভাবনাটা অন্য রকম। তিনি মনে করেন এই ম্যাচ বাংলাদেশের ফুটবলকে এগিয়ে দেবে বেশ খানিকটা পথ। দীর্ঘ দিন জাতীয় দলে খেলার অনন্য অভিজ্ঞতা নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করলেও মামুনুল ইসলামদের দারুণ ভাগ্যবান মনে করেন তিনি। তিনি বাংলাদেশের বর্তমান ফুটবলারদের ভাগ্যবান ভাবেন কারণ, তারা প্রতিপক্ষে হিসেবে পাচ্ছে বিশ্বমানের একটি দলকে। যে দলের সঙ্গে খেলায় হার-জিতের ব্যাপার ছাড়াও পাওয়ার থাকবে অনেক কিছুই।
অস্ট্রেলিয়ার ফুটবলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে আশীষ ভদ্রেরও। কিন্তু সেই অভিজ্ঞতার সঙ্গে মামুনুলদের এই অভিজ্ঞতার কোনো তুলনাই টানতে চান না দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার, ‘১৯৮৪ সালে ভারতের দিল্লিতে ডিসিএম কাপে অস্ট্রেলিয়ার প্রথম বিভাগের একটি নিচু সারির দলের সঙ্গে খেলেছিলাম আবাহনীর হয়ে। সে ম্যাচে আমরা হেরেছিলাম। তখন ওই দলটাকেই অনেক শক্তিশালী মনে হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ দল খেলবে অস্ট্রেলিয়া জাতীয় দলের বিপক্ষে। আমদের সেই প্রতিপক্ষের সঙ্গে কোনো তুলনাই হয় না। মামুনুলরা অনেক ভাগ্যবান। তারা অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে খেলবে। বিশ্বমানের প্রতিপক্ষের সঙ্গে খেলে নিজেদের অবস্থানটাকে ঝালিয়ে নিতে পারবে।’
আশীষ বাংলাদেশের বর্তমান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভাগ্যবান মনে করেন অন্য একটি কারণেও। তাঁর মতে, ‘এখন ফুটবলাররা যে মানের অনুশীলন-সুবিধা পাচ্ছে, আমাদের সময় তার কানাকড়িও আমরা পাইনি। লোডভিক ডি ক্রুইফের মতো একজন পেশাদার কোচ দলের সঙ্গে আছেন। আমাদের দৌড় ছিল, কোনো দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তির কাঠামোয় আসা কোচ পর্যন্তই। খেলোয়াড়েরা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, আমরা যেটা পেতাম কালেভদ্রে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা ‘অসম্ভব কঠিন’ এক ম্যাচ বলেই মনে করেন আশীষ। তিনি মনে করেন এই ম্যাচে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করবে পার্থের শীতল আবহাওয়া, ‘সন্দেহ নেই অস্ট্রেলিয়া-ম্যাচ অনেক কঠিন। শারীরিক দিক দিয়ে আমরা তো অনেক পিছিয়ে। ফিটনেস নিয়ে কাজ হচ্ছে—এটা একটা সুবিধা। কিন্তু তারপরেও আমরা মাঠে ওদের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকব।
অস্ট্রেলিয়া-ম্যাচে আশীষের প্রত্যাশা খুব সীমিত, ‘এই ম্যাচটা বাংলাদেশ ভালো খেলুক। অভিজ্ঞতার ভান্ডারটা এই ম্যাচ থেকে সমৃদ্ধ হোক-আমার চাওয়া এটিই। কোনো আহামরি প্রত্যাশা আমি করি না। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দেবে, এমন আকাশ-কুসুম কল্পনাও আমি করি না। আমি চাই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচগুলোতে লড়াইয়ের রসদ নিয়ে নিক বাংলাদেশ।’