মামুনুলদের 'সময়ের দাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপির নিরিবিলি রাস্তায় দৌড়াচ্ছিলেন মামুনুল ইসলাম। সুইমিংপুলের পাশ দিয়ে যেতেই ঘটল বিপত্তি। একদল কলেজছাত্র মৌমাছির মতো ঘিরে ধরলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ককে। বিকেএসপিতে বনভোজনে আসা ছাত্রদের আবদার মেটাতে সেলফিতে বন্দী হলেন। পাশ থেকে কেউ একজন বলে উঠল, ‘শুভ জন্মদিন, মামুন ভাই।’

কাল ২৮তম জন্মদিন গেল মামুনুলের। দিনটা শুরু হয়েছিল কোচ মারুফুল হকের ফুলেল শুভেচ্ছায়। শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরাও। দুপুরে বিশাল কেক নিয়ে উপস্থিত স্ত্রী সাদিয়া ইসলাম সুস্মিতা, শ্বশুর শাহাবুদ্দিনসহ নিকটাত্মীয়রা। মামুনুলের সঙ্গে রাতের খাবার খেয়ে গত রাতেই ঢাকায় ফেরেন সবাই। জন্মদিনে প্রিয়জনদের থেকে উপহারও পেয়েছেন এই মিডফিল্ডার। কিন্তু কোচের হাতে নিজেই একটা উপহার তুলে দিতে চান মামুনুল—সেটা আসন্ন সাফ ফুটবলের ট্রফি।

এই ট্রফিটার জন্যই ফুটবলারদের মধ্যে রয়েছে নীরব হাহাকার। এক যুগের শিরোপা-খরা ঘোচাতে চোয়ালবদ্ধ জাহিদ-জুয়েলরা। অনুশীলনে নামার আগে ট্রেনিজ হোস্টেলের লনে দাঁড়িয়ে জাহিদ বলছিলেন, ‘এবার যেমন করেই হোক চ্যাম্পিয়ন হতে চাই।’

কিন্তু যে সৈনিকদের নিয়ে লড়াইয়ে নামবেন কোচ, তাঁদের সবাইকে যে এখনো তৈরি করে নেওয়া যায়নি। ২৩ ডিসেম্বর কেরালায় শুরু টুর্নামেন্টের আগে চোটের হানায় একটু হলেও বিপর্যস্ত দল। এরই মধ্যে চোটে ছিটকে পড়েছেন আবদুল বাতেন কোমল ও কেষ্ট কুমার। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও অনিশ্চিত। চিকিৎসকের পরামর্শে কাল এমিলি একা অনুশীলন করলেন বল ছাড়া। আরও সপ্তাহ খানেক তাকে এভাবেই অনুশীলন করতে হবে।

মিডফিল্ডার জামাল ভূঁইয়া পেটের পীড়ায় ভুগে সপ্তাহ খানেক শয্যাশায়ী ছিলেন হাসপাতালে। কাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে অনুশীলনে ফিরবেন হয়তো আরও দিন দুয়েক পরে। এমন পরিস্থিতিতে কবে নাগাদ চূড়ান্ত দল ঘোষণা করতে পারবেন? কোচ মারুফুল শেষ সময় পর্যন্ত সেরা দলটির জন্য অপেক্ষা করতে চান, ‘সাফের সর্বশেষ ডেডলাইন অনুসারেই দল ঘোষণা করব।’ জামালের বিকল্প হিসেবে অবশ্য মোনায়েম খান রাজুর কথা ভেবে রেখেছেন। আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে দেখা যেতে পারে রাজুকে। কাল তেমন আভাসই দিলেন মারুফুল, ‘জামাল ভূঁইয়াকে ধরেই আমি পরিকল্পনা সাজিয়েছি, তারপরও কোনো কারণে প্রথম ম্যাচে ও খেলতে না পারলে বিকল্প হিসেবে রাজু থাকবে। ওর পজিশনে রাজুকে তৈরি করা হচ্ছে।’ তবে মারুফুলের আশা দ্রুতই সেরে উঠবেন জামাল, ‘আমি ওর সঙ্গে গত এক বছর কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, অসুস্থতা থেকে জামাল দ্রুত সেরে ওঠে।’ নেপালে গত সাফে দলের সঙ্গে গিয়েও দর্শক হয়ে বেঞ্চ গরম করেছিলেন রাজু। তবে এবার খেলার জন্য তিনি উন্মুখ, ‘কোচ যেমন আস্থা রেখেছেন, আমিও দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

চেষ্টার যে কমতি নেই রাজু-মামুনুলদের, তা মাঠের ঘাম ঝরানো অনুশীলন দেখলেই বোঝা যায়। মামুনুলদের অনুশীলন দেখতে বনভোজনে আসা ছাত্রদের অনেকে দাঁড়িয়ে রইল মাঠের পাশে। একটু বিশ্রাম নিতে বসলেও সবাই এসে ছবি তুলতে, কথা বলতে চাইছিল। পাশ থেকে একজন দাবি জানাল, ‘মামুন ভাই, সাফের শিরোপা চাই।’ মামুনুলের ভাষায় এ যেন সময়ের দাবি, ‘আমরা কোথাও গেলে বা খেলতে নামলে মানুষ যেভাবে ছুটে আসে তা দেখে সত্যি ভালো লাগে। এদের ভালোবাসা আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়। এবার সাফ শিরোপার দাবিটা পূরণ করতে হবে।’

সত্যিই কি দাবিটা পূরণ করতে পারবেন মামুনুলরা!