মামুনুলের একটি স্বপ্নপূরণ

প্রস্তাবটা পেয়েছিলেন মাস তিনেক আগে। অ্যাটলেটিকো ডি কলকাতার কর্মকর্তা অনিলাভ চ্যাটার্জি একদিন ফোনে বললেন, ‘তুমি কি আমাদের এখানে খেলবে?’ কথাটা শুনে অবিশ্বাস্যই ঠেকেছিল মামুনুল ইসলামের কাছে। বিদেশি লিগে খেলার সুযোগ! তবে নিজের যোগ্যতা নিয়ে কোনো সংশয় ছিল না তাঁর। ফেব্রুয়ারিতে আইএফএ শিল্ডে শেখ জামাল ধানমন্ডির খেলা দেখে কলকাতার অনেক ক্লাবই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। মোহনবাগানের প্রস্তাব পেয়ে ফিরিয়েও দিয়েছিলেন বাংলাদেশের লম্বা লিগে খেলতে হবে বলে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) তো মাত্রই তিন মাসের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের সানন্দে তাঁকে সম্মতিও দিলেন। তাই অনেক দিনের স্বপ্ন পূরণ হলো মামুনুলের।
অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলতে কাল ঢাকায় চুক্তি সই করলেন এই মিডফিল্ডার। চুক্তি শেষে ক্লাবের জার্সি পরিয়ে দিলেন অ্যাটলেটিকো ডি কলকাতার কর্মকর্তা অনিলাভ চ্যাটার্জি, প্রদীপ জয়তি আগরওয়াল, পৃথ্বীরাজ দাস। আইএসএলের প্রতিটি দলে ১৪ জন স্থানীয় ফুটবলারের পাশাপাশি নেওয়া যাবে ১২ জন বিদেশি। এর মধ্যে ড্রাফটের (যাঁদের নিলামে তোলা হয়) খেলোয়াড়ের বাইরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা নিজেদের পছন্দের পাঁচজনকে আলাদাভাবে বেছে নিতে পারেন। এই পাঁচজনের সর্বশেষ সংযোজন মামুনুল। স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কাছে মামুনুলের প্রোফাইল এবং খেলার ভিডিও পাঠানোর পর মেলে সবুজসংকেত। পাশাপাশি সৌরভ গাঙ্গুলীর দলে বাঙালি একজন খেলোয়াড় নেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল কর্মকর্তাদের। আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার পর উচ্ছ্বসিত মামুনুল বলছিলেন, ‘আমি অনেক খুশি। চুক্তি সই করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। কাদের ভাই না থাকলে এই স্বপ্ন হয়তো পূরণ হতো না।’
কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্নাদের পর আবারও বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের কোনো ফুটবলার। যদিও এই লিগটা একটু অন্য রকম, তার পরও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মামুনুল, ‘আমার দায়িত্ব বেড়ে গেল। আসলাম ভাই, মুন্না ভাইদের পর আমি বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। আমি চাই সেখানে বাংলাদেশের ফুটবলারদের জন্য একটা সুন্দর পথ তৈরি করতে। যাতে এই পথ ধরে ভবিষ্যতে আরও ফুটবলার বিদেশে খেলতে পারে।’ অ্যাটলেটিকো ডি কলকাতায় নাম লিখিয়েছেন লিভারপুলের সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড লুইস গার্সিয়া, রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বোরহা ফার্নান্দেজ। এঁদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকবেন ভেবেই রোমাঞ্চিত মামুনুল, ‘ড্রেসিংরুমে গার্সিয়াদের পাশে বসব ভেবে খুব ভালো লাগছে। অনেক কিছু শিখব।’
বর্তমানে দলটি স্পেনের অ্যাটলেটিকো ডি মাদ্রিদের একাডেমিতে অনুশীলন করছে। এশিয়ান গেমসে যাবেন বলে মামুনুলের স্পেনে যাওয়া হচ্ছে না। তবে ইনচন থেকে ফিরেই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন। উত্তরা ক্লাবে মামুনুলের চুক্তি সই অনুষ্ঠানে এসেছিলেন এশিয়ান গেমসগামী অনূর্ধ্ব-২৩ দলের সব ফুটবলার। এটা তো শুধু মামুনুলের একারই গৌরবের ব্যাপার নয়, গৌরব গোটা দলের।