মামুনুলের ক্ষোভ-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম। ফাইল ছবি
মামুনুল ইসলাম। ফাইল ছবি

জর্ডান ম্যাচ নিয়েই তো তাঁর ভাবার কথা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে বড় ম্যাচ—মামুনুল ইসলাম সব মনোযোগ ওদিকেই রাখতে চেয়েছিলেন। কিন্তু তা আর পারলেন কই! জর্ডান ম্যাচের ২২ ঘণ্টা আগে তাঁকে কিনা লিখতে হলো দেশবাসীর কাছে খোলা চিঠি!
বাংলাদেশের কোনো ফুটবল অধিনায়কের এভাবে দেশবাসীর কাছে খোলা চিঠি দেওয়া নজিরবিহীন। যে চিঠিতে তাঁর ক্ষোভ, দুঃখ, হতাশা মিলেমিশে একাকার। অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশ দল ৫ গোলে হেরেছে, পরিস্থিতির বিচারে গোল আরও বেশিই হতে পারত। কিন্তু ওই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু সমালোচনা হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের হোটেল থাকা, সেখানে তাঁদের আচার-আচরণ ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেই সূত্র ধরে একটি অনলাইন মিডিয়া ফুটবলারদের কড়া সমালোচনা করে প্রতিবেদন করেছে, তা পড়ে মামুনুল দুঃখিত-ব্যথিত। চুপ করে বসে থাকতে না পেরে দেশবাসীর কাছে খোলা চিঠিই লিখে ফেললেন তিনি।
প্রিয় দেশবাসী সম্বোধন করে প্রথমেই মামুনুল লিখেছেন, ‘ফুটবল খেলা কি আমাদের দোষ?’
এরপর উগরে দিয়েছেন ক্ষোভ, ‘অস্ট্রেলিয়া ম্যাচের আগে আমি বলেছিলাম, এটিই আমার জীবনের সেরা ম্যাচ। কিন্তু কখনোই ভাবিনি এই ম্যাচটাই আমাকে ভুলে যেতে হবে। না, ম্যাচের ফলাফলের জন্য এমনটা বলছি না। ফল কী হবে আগেই জানা ছিল। কিন্তু ম্যাচের আগে-পরে যে ধরনের সমালোচনা আমাদের সহ্য করতে হয়েছে, এখনো হচ্ছে, তাতে মনে হচ্ছে ফুটবল খেলা কি আমাদের অন্যায়?’
টিম কাহিলের দলের বিপক্ষে ভরাডুবির আশঙ্কায় অনেকে মুখ লুকোনোর জায়গা খুঁজছিলেন। মামুনুলের দাবি, ফুটবলাররা তা হতে দেননি। তাঁরা দেশের সম্মানের জন্য লড়াই করেছেন। অধিনায়ক লিখেছেন, ‘...কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম, আমরা ফুটবলার। আমাদের ব্যক্তিজীবন বলে কিছু নেই। নেই সেলফি তোলার অধিকারও। আমরা শুধু জাতিকে লজ্জা দিয়ে থাকি।’
দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। অনেক সময় তারা আবেগ সামলাতে পারে না। মামুনুলের চোখে, ‘এই তরুণদের উচ্ছৃঙ্খল ভাবা ঠিক নয়। এমনিতেই দেশে তরুণ ফুটবলার কম, তার ওপর এমন সমালোচনা ফুটবলের প্রতি তরুণদের অনাগ্রহী করে তুলবে।’
দর্শক, মিডিয়াকর্মী সবার কাছেই রাখলেন আকুতি, ‘সবাই যেন সব খেলাকে সমানভাবে দেখে।’ শেষ বাক্যে মনে করিয়ে দিয়েছেন, ‘মাশরাফি-সাকিবদের মতো আমরাও লাল-সবুজের প্রতিনিধি।’