মামুনুলের গোলেই ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুলের গোল উদ্‌যাপনে সঙ্গী জাহিদ। বৃষ্টিস্নাত মাঠে ওই এক গোলই ফেডারেশন কাপের ফাইনালে উঠিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
মামুনুলের গোল উদ্‌যাপনে সঙ্গী জাহিদ। বৃষ্টিস্নাত মাঠে ওই এক গোলই ফেডারেশন কাপের ফাইনালে উঠিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

স্বপ্ন এঁকেছিল রহমতগঞ্জ। ফেডারেশন কাপের ইতিহাসে প্রথম ফাইনালে ওঠার স্বপ্ন। যে স্বপ্ন ১৯৮৭ সালে সর্বশেষ সেমিফাইনালে উঠে দেখেছিল পুরান ঢাকার দলটি। কিন্তু ৩০ বছর পর আরেকটি সেমিফাইনালে উঠেই যথারীতি দাঁড়ি পড়ল রহমতগঞ্জের পথচলায়। ফাইনালে খেলা হলো না এবারও। কাল রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে চট্টগ্রাম আবাহনীই উঠে গেছে মৌসুমসূচক টুর্নামেন্টের ফাইনালে। ৫ জুন যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী বা শেখ জামাল।
রহমতগঞ্জ ফাইনালে জায়গা করে নিতে পারলে তা বড় একটা চমকই হতো। চেষ্টাও কম করেনি কামাল বাবুর দল। কিন্তু ম্যাচের ৮ মিনিটেই গোল হজম করে আর শোধ করতে পারল না রহমতগঞ্জ। চট্টগ্রাম আবাহনীর একটা আক্রমণ থেকে বল ঘোরাফেরা করছিল বক্সে। এই সুযোগেই বক্সের একটু ভেতর থেকে আসল কাজটা করে দিলেন মামুনুল ইসলাম। তাঁর মাটি কামড়ানো শট খুঁজে নিল জাল।
সেই গোলটিই জয়সূচক গোল হয়ে যাবে, চট্টগ্রাম আবাহনীও হয়তো ভাবতে পারেনি। তখনো যে ম্যাচের ৮২ মিনিটে বাকি। এই দীর্ঘ সময় চট্টগ্রাম আবাহনী খুব স্বস্তিতে ছিল না। কখন যে রহমতগঞ্জ গোলটা শোধ করে দেয়! জয় মোটামুটি নিশ্চিত করতে আরেকটি গোল প্রয়োজন ছিল চট্টগ্রাম আবাহনীর। কিন্তু তারা আর গোলের রাস্তা খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে তো চট্টগ্রাম আবাহনী ক্ষণে ক্ষণে কাঁপছিল। মাঝমাঠে নিয়ন্ত্রণ হয়ে যায় আলগা। খুবই সাদামাটা দল মনে হয়েছে এ সময় চট্টগ্রামের দলটিকে। খেলোয়াড়দের মধ্যে কোনো ক্ষুধা দেখা গেল না। নিজেরা গোল বাড়ানোর চেয়ে দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের বিপজ্জনক আক্রমণ সামলাতেই ব্যস্ত থেকেছে।
একমাত্র গোলটা ধরে রেখে এই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাতে পারাই আসলে চট্টগ্রাম আবাহনীর বড় প্রাপ্তি। রহমতগঞ্জের অখ্যাত, কম টাকার একদল ফুটবলাররা বেশ কয়েকবার গোল শোধ করার সুযোগ প্রায় তৈরি করে ফেলেছিলেন। শেষ দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঝুমবৃষ্টির মধ্যেই গোল শোধে আরও মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। কিন্তু লক্ষ্যভেদে নিখুঁত থাকতে পারলেন না শাহরান-বাঙ্গুরারা। প্রথমজন কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়ে ২ গোল করেছিলেন। বাঙ্গুরাও করেন ১ গোল। কাল দুজনই একাধিক গোলের সুযোগ হারিয়েছেন।
বাঙ্গুরার দারুণ শট একবার কর্নারের বিনিময়ে বাঁচান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নেহাল। ফিরতি বলেও বাধা হয়ে দাঁড়ান সেই নেহাল। রহমতগঞ্জের পাশে আসলে ভাগ্যও ছিল না। চট্টগ্রাম আবাহনী তাই আহামরি ফুটবল না খেলেও চলে গেল ফাইনালে।