মামুনুলের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না!
মামুনুল ইসলামকে দেখলে গানের এই কলিটি এখন যে কারোরই মনে পড়বে। ইন্ডিয়ান সুপার লিগে অন্তত একটি বার হলেও মাঠে নামার সুযোগ পাওয়ার আশায় ছিলেন। কিন্তু আশার ফুল শুকিয়ে গেছে। অ্যাটলেটিকো ডি কলকাতা তাঁর সব আশাই শেষ করে দিয়েছে। এই দলের জার্সি পরে মাঠে নামা হয়নি এক মিনিটের জন্যও।
অথচ ভারতীয় ওই জমাট লিগটা এখন শেষের ঘণ্টার অপেক্ষায়। কাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে গেছে মামুনুলের দল কলকাতা। ফাইনালে দলটির প্রতিপক্ষ কেরালা। এ যাত্রায় কেবল একটি ম্যাচে ১৮ জনের দলে থাকতে পারলেও মামুনুলের মাঠে নামা হয়নি। বাকি ম্যাচগুলোতে তো দলেই ছিলেন না। দর্শক হয়েই দেখতে হলো সব!
আপাতত তা থেকে মুক্তি মিলছে। দুদিন আগে মামুনুল ঢাকায় এসেছেন জাপান যুবদলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে। ২০ ডিসেম্বরের ফাইনালে কলকাতা ওঠায় আবারও ভারেত যাবেন বলে জানালেন। কলকাতা ফাইনালে নাম লেখালেই বা কী! খেলার সম্ভাবনা তো তাঁর শূন্যের কোঠায়।
শেষটা এমন বিষাদময় হবে ভাবা যায়নি। বাংলাদেশ অধিনায়ককে ঘটা করে নিয়ে যাওয়া, সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি পরিয়ে ছবি তোলা, সেসবই এখন স্মৃতির পাতায়। একদিকে তা মধুর, অন্যদিকে জাগিয়ে তোলে দীর্ঘশ্বাস।
ঢাকায় ফেরা মামুনুলের কণ্ঠে দীর্ঘশ্বাসই শোনা যাচ্ছে বেশি, ‘একটা মিনিটও খেলার সুযোগ পেলে সান্ত্বনা থাকত। ভালো না খেললে নিজেই পরদিন টিকিট কেটে চলে আসতাম দেশে। কিন্তু কোচ তো একটা মিনিটও আমাকে পরীক্ষা করে দেখলেন না। আমার কষ্টটা ঠিক এই জায়গায়।’
কলকাতার স্প্যানিশ কোচ অ্যান্থনি লোপেজ হাবাসের ওপরই মামুনুলের যাবতীয় রাগ-ক্ষোভ, ‘এই কোচ আগামী বছরও থাকলে আমি আর কলকাতায় খেলব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কোচ বদল হলে এবং দল চাইলে যেতে পারি। অন্যথায় আর যাওয়ার প্রশ্নই নেই।’
আসার সময় নাকি কলকাতার দলটির কর্মকর্তারা অনেক দুঃখ প্রকাশ করেছেন। আগামী বছর আবার কলকাতায় খেলতে অনুরোধও করেছেন তাঁকে। এবার তো হলো না, আগামী বছর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ওই কর্মকর্তারা।
গত ফেব্রুয়ারিতে মামুনুলের নেতৃত্বেই কলকাতার আইএফএ শিল্ডে দুর্দান্ত শেখ জামাল ধানমন্ডিকে দেখেছিল কলকাতার ফুটবল-সমাজ। সেই থেকে এই প্লে-মেকারের পরিচিতি ছড়িয়ে পড়ে। তারই সূত্র ধরে বাংলাদেশ তো বটেই, ভারতের বাইরে দক্ষিণ এশিয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পাওয়া।
কিন্তু একজন খেলোয়াড়ের কাছে শেষ কথা মাঠে নেমে খেলা। দলের সঙ্গে থাকা, অনেক কিছু শেখা-জানা, এসব অনুভূতি ছাপিয়ে মামুনুল মাঠের বাইরে থাকার যন্ত্রণাতেই বিদ্ধ হচ্ছেন। নিজের একটু চোট ছিল, যা খানিকটা ভুগিয়েছেও বটে। তার পরও খেলার মতো ফিট যখন হলেন তখনো মন গলল না কোচের।
‘আসলে এই কোচ একটা একাদশই প্রায় খেলিয়ে গেছেন টুর্নামেন্টজুড়ে। তাঁর বদলিগুলোও একই। মানে ১৪-১৫ জনকেই তিনি সুযোগ দিয়েছেন। বাকিদের নয়’—মামুনুলের এই দুঃখে আরেকটা অব্যক্ত সুরও হয়তো আছে। বাংলাদেশি খেলোয়াড় বলেই কি কোচের কাছে গুরুত্বহীন থাকলেন!
একাদশে খেলেছেন ছয়জন বিদেশি। দলে জায়গা পেতে হলে হারাতে হতো ওঁদের। কলকাতার দলটিতে মামুনুলের পজিশনে খেলা বিশ্ব ফুটবলে পরিচিত মিডফিল্ডার আছেন এটা ঠিক, তার পরও বদলি হিসেবেও অন্তত দু-একটা ম্যাচেও তাঁকে দেখতে না পেয়ে কলকাতার দর্শকেরা পর্যন্ত বিস্মিত। কোচের মুণ্ডপাত করেছেন তাঁরা। মামুনুল বলছিলেন, ‘ওখানে অনেকেই আমাকে মানসিক সমর্থন দিয়েছেন। নইলে না খেলেও লম্বা এই সময়টা থাকতে পারতাম না।’
দলের সঙ্গে থেকেছেন বটে। কিন্তু যত দিন গেছে, বেড়েছে শুধু কষ্টটাই।