মামুনুলের লড়াইয়ের প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

প্রতিদিন ঘুম ভাঙতেই তাঁর মনের কোণে ভিড় জমায় কয়েকটি দলের নাম। কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া, জর্ডান! রোমাঞ্চের পসরা সাজানো একেকটি ম্যাচ। এই দলগুলোর সঙ্গে খুব ভালো করতে পারলে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে ওঠা যাবে। মামুনুল ইসলাম আনমনে ভাবতে ভাবতে ছোটেন অনুশীলন মাঠে।
নিজের দল শেখ জামালের অনুশীলনে নেমেও মন থেকে সরে না কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া...। আর কদিন পরই ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে লড়াই ঘরের মাঠে। মামুনুল চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় শাণিত হন, ‘হোম ম্যাচ দুটিতে ভালো করতেই হবে। এই দুটি ম্যাচই এক অর্থে “ফাইনাল” আমাদের জন্য।’
এই দুটিকেই ‘ফাইনাল’ ভাবছেন কেন? বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাচ তো ছয়টি। জাতীয় দলের অধিনায়ক বাস্তবতার জমিনে দাঁড়ান, ‘সত্যি বলতে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারি না। চারটি হোম ম্যাচের অন্য দুটি অস্ট্রেলিয়া ও জর্ডানের সঙ্গে, ওই দুটিতে জয়ের আশা অবাস্তব। কাজেই এই দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলে আমরা অনেক দূর যেতে পারব।’
সেই অনেক দূর যাওয়াও কোচের বেঁধে দেওয়া লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়ার বেশি নয়। লোডভিক ডি ক্রুইফ বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই নিয়ে বলেছিলেন, ‘আমরা তৃতীয় হতে চাই।’ তৃতীয় হলে ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে সেরা ২৪-এ থাকা যাবে।
মামুনুল তাই এক মুহূর্ত দেরি করেন না কোচের সঙ্গে কণ্ঠ মেলাতে, ‘হ্যাঁ, কোচের সঙ্গে একমত হয়েই বলছি তৃতীয় হতে চাইব। বলবেন সম্ভব কি না? আমরা ফাইট করব। বিনা চ্যালেঞ্জে যেতে দেব না কিছু।’ চতুর্থ বা পঞ্চম হলেও সেরা চব্বিশে যাওয়ার দুয়ার বন্ধ হবে না। তখন প্লে-অফ খেলতে হবে।
মামুনুল নতুন এক দিগন্তরেখাই দেখছেন সামনে। আত্মবিশ্বাসী কণ্ঠে নিজেই বলেন, ‘জাতীয় দলের রেজাল্ট তখনই খারাপ হয়, যখন ঘরোয়া খেলা হয় না। এখন তো আমরা খেলেই কূল পাই না। কেউ বলতে পারবে না বসে আছে। সবাই খেলছে।’
আগস্টে শেখ জামাল এএফসি কাপ খেলবে দেশের বাইরে। এএফসি কাপের ম্যাচগুলোও সহায়ক হবে জাতীয় দলের জন্য। ঢাকায় সম্প্রতি জাপান অনূর্ধ্ব-২৩ ও দক্ষিণ কোরিয়ার বুসান আইপার্কের খেলে যাওয়াও মামুনুলের চোখে অগ্রগতির সোপান, ‘ওই দুটি ম্যাচ আমাদের সাহস-অভিজ্ঞতা দুই-ই বাড়িয়ে দিয়েছে।’
বাফুফের দায়িত্ব এখন প্রয়োজনীয় সমর্থন দেওয়া, সামর্থ্য অনুযায়ী সেটি তারা দিচ্ছেও। ঢাকায় ৩০ মে ও ২ জুন দুটি প্রস্তুতি ম্যাচ সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে। এমন উদ্যোগকে স্বাগতই জানাচ্ছেন অধিনায়ক। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই যেহেতু, প্রস্তুতিটাও ‘বিশ্বমানের’ চান শেখ জামাল মিডফিল্ডার। বিশ্বমানের সংজ্ঞাও দিলেন, ‘সম্ভব হলে দেশের বাইরেও ক্যাম্প করা উচিত। শক্তিশালী দলের সঙ্গে নিয়মিত অনুশীলন ম্যাচ আয়োজন করতে হবে।’
মামুনুল মনে করেন, খেলোয়াড়দের উজ্জীবিত হওয়ার বড় মন্ত্র যে দর্শক, প্রস্তুতি ম্যাচ থেকেই তা দেখা যাবে। ভালো ফুটবল হয় না বলেই দর্শকখরা—অনেকের এই সমালোচনা মেনে নিতে তাঁর কষ্ট হয়, ‘ফেডারেশন কাপের ফাইনালে এবার স্কোরলাইন ছিল ৬-৪ (মুক্তিযোদ্ধাকে হারিয়েছে শেখ জামাল)! ১০ গোল কখন হয়? ১০ জনে ডিফেন্স করলে ১০ গোল হয় না! ভালো ফুটবল আমাদের এখানে হয় না, এটা মিথ্যা অপবাদ।’
বোঝাই যাচ্ছে, অধিনায়ক বেশ চনমনে। অস্ট্রেলিয়ার সামনে মাথা তুলে দাঁড়ানোর প্রতিজ্ঞাও বেরোচ্ছে তাঁর মুখ থেকে। এএফসিতে যোগ দিয়ে টানা গত তিনটি বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার স্বপ্ন যদিও নিজেই দেখেননি, ‘এমন কিছু আসলে সত্যিই ভাবিনি।’ হঠাৎ সুযোগটা এসে পড়ায় রোমাঞ্চিত মামুনুল লড়াই করার ব্যাপারে প্রত্যয়ীও, ‘অস্ট্রেলিয়া তাদের সেরা খেলোয়াড়দের নিয়েই খেলবে। তবে আমরা আগেই হেরে বসব না।’
গ্রুপিং হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া ম্যাচটিই সবার মুখে মুখে। মামুনুলের তাতে বেশ মজাই লাগছে, ‘সবাই শুধু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া করছে। ওদের সঙ্গে খেলা দারুণ এক অভিজ্ঞতা। তবে নিজের দায়িত্বও ভুলে যাচ্ছি না।’