মার খাওয়ার ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লিমান নামের দলটা ম্যাচে পিছিয়ে ছিল ০-২ গোলে। দুটিই আত্মঘাতী গোল। ম্যাচটা হারছে বলে খুব খুশি তারা। কিন্তু কপাল মন্দ। শেষ তিন মিনিটে প্রতিপক্ষ সিমারাং তিনটি আত্মঘাতী গোল করে বসল। ম্যাচ হেরে উৎসব করলেন সিমারাং খেলোয়াড়েরা। ভাবছেন, এ কী অদ্ভুত কাণ্ড! এভাবে হেরে কেউ খুশি হয় নাকি! ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগে কাল কিন্তু সে রকমই হয়েছে। দুই প্রতিপক্ষ স্লিমান ও সিমারাং কেউই ম্যাচটা জিততে চায়নি। কারণ আছে বৈকি! জিতলেই প্রিমিয়ার লিগের চূড়ান্ত রাউন্ডের সেমিফাইনাল, আর সেখানে প্রতিপক্ষ পুসমানিয়া নামে এক ‘ভয়ংকর’ ক্লাব। না, ফুটবলীয় শক্তিতে নয়। গুজব আছে, পুসমানিয়া দলটা চালায় একদল গুন্ডা-মাস্তান। আর নিজেদের দলটাকে হারতেও দেখতে চায় না তারা। সে জন্য প্রতিপক্ষকে মারধর করতেও বাধে না তাদের। সম্প্রতি এক ম্যাচের পর নাকি রেফারিকেও ধরে নিয়ে ইচ্ছেমতো পিটিয়েছে সেই গুন্ডারা। এমন দলের বিপক্ষে কে খেলতে চাইবে, বলুন। স্লিমান ও সিমারাং নামের দল দুটিকেই অবশ্য ইচ্ছে করে আত্মঘাতী গোল খাওয়ায় এই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার ফুটবল কর্তৃপক্ষ। তাতে মনে হয় না দল দুটি খুব একটা অসন্তুষ্ট। অন্তত গুন্ডা-মাস্তানদের মারধর থেকে তো বাঁচা গেছে। এএফপি।