মারা গেছেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান

২০১৫ সালেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ছিল হুলিও গ্রন্দোনার। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে পারলেন না আর্জেন্টিনার ফুটবলপ্রধান। গতকাল হঠাত্ করেই মারা গেছেন গ্রন্দোনা। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
১৯৭৯ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গ্রন্দোনা। এর পর থেকে মৃত্যুর আগপর্যন্ত সফলভাবেই নিজের কাজ করে গেছেন তিনি। ১৯৮৬ সালে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল গ্রন্দোনার সময়ে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফার জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন গ্রন্দোনা।
ফিফার সভাপতি সেপ ব্লাটার শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘খুবই ভালো একজন বন্ধুর মৃত্যুতে আমি শোকাহত। ৮২ বছর বয়সে হুলিও গ্রন্দোনা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তাঁর পরিবারকে সান্ত্বনা জানাচ্ছি।’
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও শোক প্রকাশ করেছেন গ্রন্দোনার মৃত্যুতে। তিনি লিখেছেন, ‘আমার জন্য, পুরো আর্জেন্টিনার জন্য এটা শোকের দিন। আমি তাঁর বন্ধু ও আত্মীয়দের জন্য শোকপ্রকাশ করছি।’
গ্রন্দোনার মৃত্যুর পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন লুইস সেগুরা।— রয়টার্স