মারামারি, ঝগড়াঝাঁটি, ১০ কার্ড... পাগলাটে ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির স্বস্তি

সিটি-আতলেতিকো লড়াই যেন যুদ্ধ!ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতলেতিকো মাদ্রিদ ০-০ ম্যানচেস্টার সিটি

দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ হবে, মোটামুটি সবাই এটা ভেবেই রেখেছিলেন। পেপ গার্দিওলা আর দিয়েগো সিমিওনের দল সে লক্ষ্যে অন্তত হতাশ করল না।

সেমিফাইনালে যাওয়ার জন্য আতলেতিকোকে অন্তত দুটি গোল করতেই হত। এক গোল করলেও ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। এমন এক লক্ষ্য সামনে রেখে আতলেতিকো সিটির সঙ্গে মারামারি, ঝগড়াঝাঁটি - সবই করল। কিন্তু যে কাজটা সবচেয়ে বেশি করার দরকার ছিল, সেটাই করতে পারল না। গোলটাই এল না আতলেতিকোর পথে। নিজেদের মাঠে সিটির রক্ষণ ভাঙতে পারল না আতলেতিকো, সিটিও খুলতে পারল না আতলেতিকোর গোলমুখ। গোলশূন্য ড্রয়ের লেগটা নিশ্চিত করল, দুই লেগের সম্মিলিত ফলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠছে ম্যানচেস্টার সিটিই।

গত লেগে সিটি কোনো রকমে ১-০ গোলে জিতলেও, নজর কেড়েছিল নাকমুখ খিঁচে করা আতলেতিকোর রক্ষণ। আজ দ্বিতীয় লেগের প্রথমার্ধেও গল্পটা মোটামুটি একই রকম থাকল। আতলেতিকোর রক্ষণের আশেপাশে বল দিয়ে ঘোরাঘুরি করতে থাকলেন কেভিন ডি ব্রুইনা, বের্নার্দো সিলভা, রিয়াদ মাহরেজ, ফিল ফোডেনরা। আতলেতিকোও গোল না খাওয়ার ধনুর্ভঙ্গ পণ করল।

দ্বিতীয়ার্ধে আতলেতিকোর মনে পড়ল, আরে, আমাদের যে গোলও করা লাগবে! ম্যাচ শুরুর ৪৫ মিনিট পর থেকে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করল আতলেতিকো। প্রথমার্ধে মাত্র একটা শট নেওয়া দল দ্বিতীয়ার্ধে মরণপণ চেষ্টা করল, সিটির পোস্টে শট নিল ১৩টা।

এই ট্যাকল থেকেই শুরু সব
ছবি : রয়টার্স

ওদিকে সিটি প্রথমার্ধে আটটা শট নিলেও দ্বিতীয়ার্ধে আতলেতিকোর দাপটে থাকল ম্রিয়মান। ম্যাচ শেষের সময় যতো ঘনিয়ে আসতে থাকল, আতলেতিকোও তত ধৈর্য্যহারা হতে শুরু করল। ধৈর্য্যহীনতার সবচেয়ে বড় প্রমাণ এল ম্যাচের ৮৭ মিনিটের দিকে।

ওই যে, সবাই জানতেন, এ ম্যাচের কোনো না কোনো পর্যায়ে নাটকীয়তা হবেই। নাটকের শুরু হলো সিটির ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেনকে করা আতলেতিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে মন্তেইরোর একটা ট্যাকলের মাধ্যমে। ট্যাকলটা দুর্দান্ত ছিল নিঃসন্দেহে, কিন্তু দল গোল পাচ্ছে না দেখেই কি না, মেজাজ হারালেন ফেলিপে। খামোকাই পেছন থেকে ফোডেনের পায়ে লাথি মেরে ফেলে দিলেন।

দিয়েগো সিমিওনেও জড়িয়ে পড়েছিলেন কথা-কাটাকাটিতে
ছবি : রয়টার্স

ওয়ান্দা মেত্রোপলিতানোর ঘাসে ফোডেনের কাতরানো দেখে আরেক ডিফেন্ডার স্তেফান সাভিচের মনে হলো, নাটক করছেন ফোডেন। নষ্ট করছেন সময়। আর মাত্র কয়েকটা মিনিট নষ্ট করতে পারলেই যে কেল্লাফতে, আতলেতিকো গোল করার সুযোগও পাবে না, সিটিও উঠে যাবে সেমিফাইনালে!

সাভিচের ব্যাপারটা সহ্য হলো না। ফোডেনকে টেনে তুলতে চাইলেন, হয়তো চড়-থাপ্পড়ও মারতে চেয়েছিলেন, দূর থেকে দৃশ্যটা বেশ বাজেই লাগলো। ব্যস, আর যায় কোথায়! নিমেষেই কুরুক্ষেত্রে রূপ নিল ওয়ান্দা মেত্রোপলিতানো।

এ ওকে ধাওয়া করছেন, ও একে মারার জন্য হাত তুলছেন, ধাক্কা দিচ্ছেন। মাঠের খেলোয়াড়, বেঞ্চের খেলোয়াড় সবাই মিলে একাকার হয়ে গেলেন এই বাকবিতণ্ডায়। শেষমেশ আতলেতিকোর ইয়ান ওবলাক আর সিটির অধিনায়ক ফার্নান্দিনিও শান্তিরক্ষার ভূমিকা নিলে কয়েক মিনিট পর পরিস্থিতি একটু শান্ত হয়। হলুদ কার্ড দেখেন সাভিচ আর সিটির ডিফেন্ডার নাথান আকে। যার লাথি মারা থেকে এত কিছুর সূচনা, সেই ফেলিপেকে দেখানো হয় লাল কার্ড।

লাল কার্ড দেখে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সে কী বিস্ময়, যেন কিছুই বোঝেননি কেন তাঁকে লাল কার্ড দেখানো হলো! এমনকি ধারাভাষ্যকারের কণ্ঠেও শোনা গেল, 'হোয়াই ইজ হি সারপ্রাইজড? (সে আশ্চর্য হচ্ছে কেন?)'

নয় মিনিট বাড়তি সময় যোগ করা হলো। ওই নয় মিনিটেও গোলের বেশ কয়েকটা সুযোগ পেলেন বদলি নামা ফরোয়ার্ড ম্যাতিউস কুনিয়া, লুইস সুয়ারেজ, আনহেল কোরেয়া ও রদ্রিগো দি পল। কিন্তু ম্যানচেস্টার সিটির জোয়াও কানসেলো, জন স্টোনস, আয়মেরিক লাপোর্ত আর নাথান আকেরা রক্ষণ করে গেলেন বাঘের মতো। শেষমেশ গোলহীন থেকেই ম্যাচ শেষ করলেন সুয়ারেজরা। ১-০ গোলের অগ্রগামিতা ধরে রেখে সিটিও উঠে গেল সেমিফাইনালে। গোলহীন ম্যাচও যে কতটা উত্তেজনা ছড়াতে পারে, তার প্রমাণ হিসেবে দুই দলের খেলোয়াড়দের নামের পাশে জ্বলজ্বল করল দশ-দশটা লাল-হলুদ কার্ড।

সেমিফাইনালে করিম বেনজেমা-লুকা মদরিচদের রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে সিটি। যারা দুই লেগের লড়াইয়ে চেলসিকে হারিয়ে উঠেছে পরের রাউন্ডে।