মারুফ এখন মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের সমালোচনা করায় ছয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞার চার মাস পেরিয়েছে। তাই ২৭ ডিসেম্বর কোরিয়ার বুসান আইপার্কের সঙ্গে শেখ জামাল ধানমন্ডির প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ডাগআউটে থাকার কথা ছিল না তাঁর। তবে দলের সঙ্গে মাঠে থাকতে বাফুফের কাছে শাস্তি প্রত্যাহারের আবেদন করেছিলেন মারুফুল হক। তাতে সাড়া দিয়ে মারুফের শাস্তি কাল তুলে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
শাস্তি প্রত্যাহারে মারুফ এখন ভারমুক্ত। খবরটা পেয়ে বলছিলেন, ‘মানসিক একটা চাপ ছিল এত দিন। এটা দলের ওপরও প্রভাব ফেলতে পারত। বুসান আইপার্কের সঙ্গে ঘরের মাঠের প্রীতি ম্যাচে যদি মাঠের বাইরেই থাকতে হতো, সেটি হতো অনেক বড় মানসিক যন্ত্রণা। দুই মাস আগেই শাস্তিটা তুলে নেওয়ায় ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ।’
বুসান আইপার্ক আজ রাতে ঢাকায় আসছে। আগামীকাল আসবেন দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি।