মারুফুলের অভিষেকও আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচের আয়নায় আজ নিজেদের দেখবেন মামুনুলরা। সাফের আগে দল কতটা তৈরি, মিলবে সে ধারণাও। ভুলত্রুটি শুধরে নেওয়ার শিক্ষাও পাওয়া যাবে নেপালের সঙ্গে এ ম্যাচ থেকে। তবে সব ছাপিয়ে এটি কোচ হিসেবে মারুফুল হকের আন্তর্জাতিক অভিষেকও।
আপাতনিরাবেগ বাংলাদেশ কোচ অবশ্য অভিষেক নিয়ে অতটা রোমাঞ্চিত নন। বিকেএসপি থেকে নীরস কণ্ঠে বলছিলেন, ‘নিজের কথা মোটেও ভাবছি না। ওসব নিয়ে ভাবার সময়ও নেই।’ মারুফ একাগ্র তাঁর দল নিয়ে। নিজের পরিকল্পনাগুলো কার্যকর করাই ধ্যানজ্ঞান। তাই বলে যান, ‘আমরা আসলে কোথায় দাঁড়িয়ে, সেটিই দেখতে চাই এ ম্যাচ থেকে।’
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মারুফুলের কথা শুনলেন ফোনে। বিকেএসপিতে অনুশীলন নিয়ে ব্যস্ত থাকায় তিনি আসেননি। অধিনায়ক মামুনুল ইসলামকেও পাঠাননি। মারুফুলের কাছে প্রতিটি মিনিট যে এখন একটা দিনের মতো।
অগত্যা সংবাদ সম্মেলনে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এসে কোচের হয়ে কথা বললেন। শেষ পর্যায়ে সাংবাদিকদের অনুরোধে মারুফুল যোগ দিলেন ফোন কনফারেন্সে। তাতে থাকল প্রস্তুতি ম্যাচের অনুমিত মেজাজই, ‘প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় নিয়ে ভাবার কিছু নেই। গত ১৮ দিনে যে অনুশীলন করালাম, সেটিরই একটা প্রতিফলন হয়তো দেখব ম্যাচে।’
অসুস্থতা ও চোটের কারণে মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি এই ম্যাচের ২৩ জনের স্কোয়াডেও নেই। ঠাঁই হয়নি গোলরক্ষক হিমেলেরও। ২৮ জনের দল থেকে চোট নিয়ে আগেই ছিটকে গেছেন কেষ্ট ও কোমল। বাকি খেলোয়াড়দের মধ্যে ১৭ জনকে আজ দেখে নিতে পারবেন কোচ। ছয়জনকে বদলি হিসেবে নামিয়ে দলের সমন্বয়টা পরখ করারও সুযোগ তাঁর সামনে।
হোক না প্রস্তুতি ম্যাচ, নেপালের সঙ্গে জয়ের তাগিদও পরোক্ষে স্বীকার করেছেন মারুফুল। দুই দেশের ২০টি ম্যাচে নেপালের পাঁচ জয় আর দুই ড্রয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১৩টি। তবে এই পরিসংখ্যানটা জেনেই কিনা সংবাদ সম্মেলনে নেপালের বেলজিয়ান কোচ প্যাট্রিক অসেমস ও অধিনায়ক অনিল গুড়ং জয়ের আকাঙ্ক্ষা জানিয়ে দিলেন। বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস সঙ্গী করেই সাফে মঞ্চে পা রাখার লক্ষ্য তাদের, যেখানে গ্রুপ প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা।
কিছুদিন ধরে পাতানো খেলার অভিযোগে টালমাটাল নেপালের ফুটবল। জাতীয় দলের অধিনায়ক সাগর থাপাসহ পাঁচজন শীর্ষ ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করেছে এএফসি। কাঠমান্ডুর পুলিশের মামলায় বর্তমানে জামিনে আছেন ওই ফুটবলাররা। শীর্ষ তারকাদের হারিয়ে নেপাল এখন নতুন দল গড়ার চেষ্টায় মগ্ন, আর এই দলের ১২ জনই নবীন। প্যাট্রিক বারবারই মনে করিয়ে দিলেন, ‘আমরা আসলে একটা নতুন দল দাঁড় করানোর সংগ্রামে আছি এখন।’ চার মাস আগে দায়িত্ব নিয়ে নেপালের হয়ে এটি তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সে দিক থেকে দুই দলের কোচই মিলে যাচ্ছেন একই বিন্দুতে।
দুই বছর আগে কাঠমান্ডু সাফে এই নেপালের কাছে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। ওই ম্যাচের প্রথম গোলটি করা অনিল গুড়ং চোখ রাখছেন সামনে, ‘ঢাকায় জিতলে আমাদের মানসিক শক্তি বেড়ে যাবে। সাফে আত্মবিশ্বাস পাব।’
বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে এই আত্মবিশ্বাসের খোঁজে মামুনুলরাও।