মারুফুলের শাস্তিতে ক্ষুব্ধ কোচরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল
মারুফুল

এক বছরের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাফুফে। উয়েফা প্রো-লাইসেন্স কোর্স করার জন্য কোচ মারুফুল হক এখন ইংল্যান্ডে, সেখানে বসে পরশুই জেনে গেছেন সিদ্ধান্তটা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পরে দিয়েছেন স্ট্যাটাস, ‘এখন আমি আমার উয়েফা ‘এ’ লাইসেন্স নিয়ে ব্যস্ত। কেউ আমাকে সেরা কোচ হওয়ার রাস্তা থেকে ফেরাতে পারবে না।’
কিন্তু বাফুফে যদি সিদ্ধান্ত না বদলায়, তাহলে লাইসেন্স পাওয়ার পরও যে বছর খানেক বেকারই থাকতে হবে শেখ রাসেলের ট্রেবলজয়ী কোচকে! হঠাৎ করেই মারুফুল হকের ওপর এমন শাস্তি নেমে আসায় হতাশ, ক্ষুব্ধ স্থানীয় কোচরা। অনেকে বলছেন, তাঁকে এত বড় শাস্তি দেওয়া অন্যায়।
পরশু পেশাদার লিগ কমিটির সভা শেষে মারুফুলের শাস্তির ঘোষণা দিলেও পেছনের কারণগুলোর ব্যাখ্যা করতে অনীহ ছিলেন লিগ কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তবে কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আমরা হুটহাট কোনো সিদ্ধান্ত নিইনি। সঠিক প্রক্রিয়া মেনেই সবকিছু করা হয়েছে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি পেশাদার লিগ কমিটির বিরুদ্ধে যেসব কথা বলেছেন, সেগুলো কোনো দায়িত্বশীল কোচ বলতে পারেন না। একদিন পরই ওই মাঠে ছিল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। স্টেডিয়াম আমাদের হাতে ছিল না, তিনি আসলে এসব বলে বাফুফেকে অবজ্ঞা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেই অবজ্ঞা করেছেন।’ তাঁর বক্তব্যে নাকি আচরণবিধির লঙ্ঘন হয়েছে, যে কারণে বাইলজের ৪৬.৭.৩ ধারায় দেওয়া হয়েছে এই শাস্তি। তবে আগামী সাত দিনের মধ্যে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন মারুফুল। এরই মধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।
আসলেই সেদিন কী বলেছিলেন মারুফুল? শেখ জামালের সঙ্গে শেখ রাসেলের পূর্বনির্ধারিত ম্যাচ হঠাৎ করেই স্থগিত হওয়ায় ক্ষুব্ধ মারুফুল স্টেডিয়ামে এসে ফুটবলারদের নিয়ে অনুশীলন করেন। এরপর বলেছিলেন, ‘এই ম্যাচটি আজ হলো না, কারণ শেখ জামাল খেলতে চায়নি। তারা হয়তো পয়েন্ট খোয়ানোর ভয় পাচ্ছে। আর শেখ জামালকে সুবিধা দিতেই লিগ কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য লিগ কমিটির সবার পদত্যাগ করা উচিত।’ পরে অবশ্য লিগ কমিটির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তিনি। কিন্তু ক্ষমা চেয়েও ডিসিপ্লিনারি কমিটির মন গলাতে পারেননি, কমিটি তাঁকে কঠিন শাস্তিই দিল।
প্রশ্ন উঠেছে, প্রায় পাঁচ মাস পর কেন দেওয়া হলো এমন সিদ্ধান্ত? জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু বিষয়টিকে দেখছেন কারোর ব্যক্তিগত আক্রোশ হিসেবে, ‘শাস্তিটা এত দিন পরে কেন দেওয়া হলো বুঝলাম না? কোনো ব্যক্তির আক্রোশ থেকে বাফুফে এটা করল কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি এতটা কঠিন শাস্তি আশা করিনি।’
বাফুফে বা রেফারির বিরুদ্ধে কথা বলে প্রায়ই দুই-এক ম্যাচ করে শাস্তি পেয়ে থাকেন স্থানীয় কোচরা। তাই অনেকটা নীরবেই তাঁরা বাফুফের সব অনিয়ম মেনে নেন। কাল নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বললেন, ‘এখন কিছু বলতে গেলে আমিও কোড অব কন্ডাক্ট ভাঙার আওতায় পড়ে যাব। মারুফুল এমন কোনো অপরাধ করেননি যে তাঁকে এত বড় শাস্তি দিতে হবে। হয়তো বড় জোর ৫-৬ ম্যাচ নিষিদ্ধ করা যেত। প্রায় চার-পাঁচ মাস পর তাঁকে এভাবে শাস্তি দেওয়াটাও রহস্যজনক।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বিষয়টিকে বলছেন, ‘খুবই দুঃখজনক’। রহমতগঞ্জের কোচ কামাল বাবু বিষয়টাকে দেখছেন অন্যভাবে। বাইলজের ধারা যখন অনুমোদন করেছে ক্লাবগুলো তখন কেন সোচ্চার হয়নি কোচরা, সেটা নিয়েই আফসোস তাঁর, ‘এখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই। খবরটা শুনে খুবই খারাপ লেগেছে। আসলে আমাদের কোচদের কোনো ক্ষমতাই নেই। কোচেস অ্যাসোসিয়েশন এখন কী করছে? তাদের ভূমিকা কী? কোড অব কন্ডাক্ট ও বাইলজ যখন অনুমোদন হয়, তখন তো কোচরা তা পড়েছিলেন। ওই সময় কেন কেউ এটার প্রতিবাদ করেননি? আমাদের তো আগেই হাত-পা বাঁধা হয়ে গেছে।’
বাংলাদেশ কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশিদ আলম বাবুল, যিনি পেশাদার লিগ কমিটির সদস্য। সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রুপু বাফুফের নির্বাহী কমিটির সদস্য। তাই মৌসুমের শুরুতেই বাইলজের ওই ধারা এবং আচরণবিধি অনুমোদনের প্রশ্নে তাদের ভূমিকাটা আরও কার্যকরী হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেক কোচ।
‘‘তাঁদের চোখে

গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

কোনো ব্যক্তির আক্রোশ থেকে বাফুফে এটা করল কিনা আমার সন্দেহ হচ্ছে

শফিকুল ইসলাম মানিক
শফিকুল ইসলাম মানিক


গোলাম সারোয়ার টিপু
খুবই দুঃখজনক
শফিকুল ইসলাম মানিক