মারুফের 'পবিত্র' দায়িত্ব

প্রতিটি প্রশ্নের উত্তরে মিশে থাকল আত্মবিশ্বাস। সাফ জয়ের চ্যালেঞ্জ উতরানোর প্রতিশ্রুতি আবারও দিলেন মারুফুল হক। জাতীয় দলের কোচ হিসেবে কাল তাঁকে বাফুফে পরিচয় করিয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এল অনেক প্রসঙ্গ—
সাফ জয়ের আশাবাদ
২০০৩ ঘরের মাঠে একমাত্র সাফ ট্রফি জয়ের পর ১২ বছরের অপেক্ষা ফুরাবে? কঠিন মিশন এবং উত্তর দেবে সময়ই। তবে মারুফ ভীষণ আশাবাদী, ‘সব ঠিকঠাক এগোলে ইনশা আল্লাহ সাফ জিতব।’
বাংলাদেেশ সাফ নিয়ে দুই বছর পরপরই প্রত্যাশার বেলুন ফুলে ওঠে। নিজের প্রথম সংবাদ সম্মেলনে তাই সবার আকাঙ্ক্ষার সঙ্গে কণ্ঠ মেলালেন নতুন কোচ, ‘দুর্ভাগ্য যে গত দুটি সাফে গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। সেই তিক্ত অভিজ্ঞতা আর চাই না আমরা।’ এরপর নিজেই বলেন, ‘জাতীয় দল নিয়ে কাজ করা আমার কাছে পবিত্র দায়িত্ব। এটাকে হেফাজত করতে নিজের সব অভিজ্ঞতা ঢেলে দেব।’
কিন্তু আফগানিস্তান-মালদ্বীপ...!
২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু সাফের পরীক্ষা। এই অঞ্চলের ‘বিশ্বকাপের’ সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে অন্তত একটি বড় ম্যাচ জিততেই হবে। ভুটানের সঙ্গে জয় ধরে নিলেও সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান বা সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপকে হারানো বিশাল এক চ্যালেঞ্জই। ১৫-১৬ জন ইউরোপভিত্তিক খেলোয়াড় নিয়ে আফগানিস্তান এখন অনেক শক্তিশালী। মালদ্বীপও বড় বাধা।
তবে গত কয়েক দিনে এই দুই দলের ছয়টি ম্যাচ ভিডিও দেখে মারুফের মনে হয়েছে, ‘ওদের হারানো সম্ভব। বাংলাদেশ পিছিয়ে শুধু মানসিকতায়।’ সেটি কাটিয়ে উঠতে ফিটনেসের সঙ্গে মানসিক পরিবর্তন জরুরি। বিশেষ করে মানসিক ঘাটতিটা আগামী ২১ দিনে দূর করার আশা রাখেন। নিবিড়ভাবে কাজ করতে একটা নতুন নিয়মও চালু করছেন মারুফ। সংবাদমাধ্যমের জন্য সপ্তাহে শুধু শনি ও মঙ্গলবার আধঘণ্টা সময় রাখবেন।
মাঝমাঠই জয়ের রসায়ন
মারুফের প্রাথমিক দলে স্ট্রাইকার তিনজন—এমিলি, সজীব ও নবাগত জীবন। কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশের অন্যতম বড় সমস্যা স্ট্রাইকারদের গোলখরা। মারুফ তা জানেন এবং সমাধানও ভেবে রেখেছেন, ‘এক স্ট্রাইকার থাকবে, সে তার কাজ করবে। তবে আমরা স্ট্রাইকারের দিকে চেয়ে থাকব না। মাঝমাঠের শক্তি বাড়াব, মূলত মাঝমাঠের শক্তিনির্ভর দলই গড়ব। ক্লাব পর্যায়ে আমি ওটার ওপরই জোর দিয়েছি বরাবর।’
বার্সোলোনার ‘স্বাদ’
প্রধান কোচ মারুফ সঙ্গী পাচ্ছেন বাফুফের যুব কোচ গঞ্জালো সানচেজ মোরেনোকে। কিশোর বয়সে বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই স্প্যানিশ থাকছেন কোচ হিসেবে। মারুফ সহকারী কোচ করেছেন ক্লাব পর্যায়ে তাঁর সঙ্গী জুলফিকার মাহমুদ মিন্টুকে। বিদায়ী কোচ ফাবিও লোপেজের দুই সহকারীকে চাইলেও তাঁরা ‘না’ করে দিয়েছেন। ট্রেনারবিহীন দলে ট্রেনারের কাজটা চালিয়ে নেবেন ফিটনেস ট্রেনিংয়ের ওপর কোর্স করা মারুফ নিজেই।
কোচ নিজেই চমক
মারুফের সাফ দলে কোনো চমক নেই। চমক বলতে তিনি নিজেই। লোপেজ যাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন, অভিজ্ঞতার কারণে সেই খেলোয়াড়দের ওপরই আস্থা রাখলেন নতুন কোচ। চীন সফরের দল থেকে তকলিচ ও শাহেদকে বাদ দিয়ে বাকি ১৮ জনকে রেখেছেন। দলের বাইরে থাকা জাহিদ-এমিলিসহ আরও ১০ জনকে যোগ করেছেন ২৮ জনের প্রাথমিক দলে। আজ থেকে বিকেএসপিতে অনুশীলন। দুপুর ১২টায় বিকেএসপিতে খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে।
পেছনে তাকানো নয়
১৩ ম্যাচ পর চীনের টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় এসেছে। টানা বিদেশি কোচ রেখে তাহলে অর্জন কী? মারুফকে আরও আগেই দায়িত্ব দেওয়া হলো না কেন? এসব প্রশ্নে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ পেছনে তাকাতে চাননি, ‘চাইলে নানা প্রসঙ্গে বিতর্ক হতে পারে। তবে আমরা এখন সাফ জয়ের দিকেই সব মনোযোগ রাখছি।’
২৮ জনের প্রাথমিক দল
সোহেল, হিমেল, লিটন, আশরাফুল, কোমল, ওয়ালী, নাসিরুল, নাসিরউদ্দিন, কেষ্ট, রেজাউল, তপু, রায়হান, মিশু, জামাল, ইয়াসিন, ইয়ামিন, মামুনুল, রাজু, রনি, হেমন্ত, সোহেল রানা, জনি, ফয়সাল মাহমুদ, সজীব, জাহিদ, জুয়েল রানা, এমিলি, জীবন।