মার্চে শুরু হবে ফুটবল মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের প্রতীক্ষিত দলবদল শুরু হবে ২৬ ডিসেম্বর, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পেশাদার লিগ কমিটির কালকের সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বরাবরের মতো ফেডারেশন কাপ নয়, এবার মার্চে স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম। দেশি ফুটবলারদের নাম নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। বিদেশিদের ২৮ ফেব্রুয়ারি। গতবারের মতো চার বিদেশি নিবন্ধন, ম্যাচে খেলতে পারবেন তিনজন। প্রিমিয়ার লিগ হবে ১২ দলের।
তবে এত সব সিদ্ধান্ত ভেস্তে যেতে পারে দুই বড় ক্লাব অসহযোগিতা করলে। সেই আলামত কিন্তু স্পষ্ট। কারণ, এই সভায় বড় দুটি ক্লাব শেখ জামাল ও মোহামেডানের কোনো প্রতিনিধি ছিলেন না। বাফুফের সঙ্গে তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
জাতীয় দলের ক্যাম্প থেকে ‘জোর’ করে খেলোয়াড় নিয়ে যাওয়া ও বাফুফের বিরুদ্ধে ‘অযাচিত’ মন্তব্য করেছে শেখ জামাল। বাফুফের সমালোচনা করেছে মোহামেডানও। এরপরই বাফুফে নড়েচড়ে বসেছে। তবে দুই ক্লাবকে বাফুফের কারণ দর্শাও নোটিশ দেওয়া নিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ঘোলাটে। কাল সংবাদ সম্মেলন করে কারণ দর্শাও নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে মোহামেডান। এটি প্রত্যাহার না করলে বাফুফেকে আইনের মুখোমুখি দাঁড় করানোরও হুমকি দিয়েছে ক্লাবটি।