মার্টিনোই আর্জেন্টিনার নতুন কোচ

সদ্যপ্রয়াত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা নাকি মৃত্যুর আগে নিশ্চিত করে যান, জেরার্ডো মার্টিনো হবেন আর্জেন্টিনার নতুন কোচ। এ কারণে সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ছিল, সাবেক বার্সেলোনা কোচের হাতেই তুলে দেওয়া হচ্ছে আর্জেন্টিনা দলের দায়িত্ব। গুঞ্জনটাই সত্যি হলো। এএফএ নিশ্চিত করেছে, ৫১ বছর বয়সী মার্টিনোই মেসিদের নতুন কোচ।
এএফএর ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, ‘ব্রাজিল বিশ্বকাপের পর চুক্তি শেষ হওয়া আলেসান্দ্রো সাবেলার উত্তরসূরি হিসেবে জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রোজারিওতে জন্ম নেওয়া জেরার্ডো মার্টিনো।’ চুক্তি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত । ৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে শুরু হবে মার্টিনোর মিশন।
২০০৬ থেকে ২০১১ পর্যন্ত ছিলেন প্যারাগুয়ের কোচ। প্রথমবারের মতো ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়েকে কোয়ার্টার ফাইনালে তোলার পেছনে বড় কৃতিত্ব ছিল মার্টিনোর। পরের বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা আমেরিকায় প্যারাগুয়েকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু উরুগুয়ের কাছে ৩-০ গোলে হেরে যায় মার্টিনোর দল। এরপর বছর দুয়েক দায়িত্ব পালন করেছেন আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজের। ২০১৩-১৪ মৌসুমে দায়িত্ব নেন বার্সেলোনার। তথ্যসূত্র: রয়টার্স।