
বারাঙ্কিয়ার ম্যাচটা তখন সবে শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে এলেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো, চোখেমুখে আনন্দের ঝিলিক। সেই আনন্দের সবটাই যে দলের জন্য নয়, তা না বললেও বুঝে নেওয়া যায়। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে গেলে তাঁর চাকরিতেই টান পড়ত। লুকাস বিলিয়ার গোল আর কিছুটা আর্জেন্টিনার ‘বারাঙ্কিয়া-ভাগ্য’ আপাতত সেটা হতে দেয়নি। ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা তো ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয় পেয়েছেই, আপাতত মার্টিনোর চাকরিটাও বোধ হয় একটু নিরাপদ হলো। আর্জেন্টাইন কোচের খুশি না হওয়ার কারণ নেই।
ব্রাজিল কোচ দুঙ্গার অবশ্য চাকরি নিয়ে টানাটানি ছিল না। তবে বাছাইপর্বে আগের তিনটি ম্যাচে তাঁর দল যেভাবে খেলেছে তাতে খুব একটা সন্তুষ্টিও বোধ হয় ছিল না। চিলির কাছে ২-০ গোলে হার দিয়ে শুরুর পর ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১-এ জয়, তারপর আবার আর্জেন্টিনার সঙ্গে ১-১ ড্র। অদৃশ্য একটা চাপ তো ছিলই। সেই চাপ থেকে দুঙ্গাকে কাল উদ্ধার করলেন ডগলাস কস্তা, রেনাতো অগুস্তো ও ফিলিপে লুইসরা। পেরুর বিপক্ষে ৩-০ গোলের জয়টা এবারের বাছাইপর্বের এ পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে ভালো ফলই শুধু নয়, উজ্জ্বলতম পারফরম্যান্সও। চার মাস পর বাছাইপর্বের পরবর্তী ম্যাচ পর্যন্ত তাই কিছুটা নির্ভার থাকতে পারছেন দুঙ্গাও।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ মার্টিনো অবশ্য বলে গেলেন, নিজের জন্য নয়, খেলোয়াড়দের কথা ভেবেই তিনি খুশি। একদিকে মেসি-আগুয়েরো-তেভেজহীন আর্জেন্টিনা, অন্যদিকে নিজেদের ৪৫ হাজার দর্শকের গর্জনে উজ্জীবিত কলম্বিয়া—ম্যাচটা কতটা কঠিন ছিল মার্টিনো সেটিও মনে করিয়ে দিয়েছেন। সেই কঠিন পরিস্থিতি থেকে আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন বিলিয়া, ম্যাচের ২০ মিনিটে দেশের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করে। প্রতি-আক্রমণ থেকে পাওয়া গোলটার জন্য আর্জেন্টাইন কোচ ধন্যবাদ জানাতে পারেন কলম্বিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতাকে। তাঁর শিশুতোষ ভুলেই তো ফাঁকা পোস্টের সামনে বল পেয়ে যান বিলিয়া। এই বারাঙ্কিয়াতেই চার বছর আগের নভেম্বরে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। একই মাঠেই এল এবারের বাছাইপর্বের প্রথম জয়টাও। বারাঙ্কিয়াকে ‘সৌভাগ্যের মাঠ’ মনে করতেই পারে আর্জেন্টিনা!
ব্রাজিলের অবশ্য এই সৌভাগ্যের দরকার হয়নি। ডগলাস কস্তার দুর্দান্ত পারফরম্যান্সে সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় হেসেখেলেই জিতেছে দুঙ্গার দল। তবে যাঁর কাছে প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, সেই নেইমার ক্লাবের দুর্দান্ত ফর্মটা টেনে আনতে পারেননি দেশের জার্সিতে। আর্জেন্টিনার বিপক্ষে আগের ম্যাচেও ম্লান ছিলেন, পরশু কয়েকটা সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একবার পেরুর জালে বল পাঠিয়েছিলেন, কিন্তু রেফারি আগেই তুলেছিলেন অফসাইডের পতাকা।
তবে দুঙ্গা তাঁর অধিনায়কের পারফরম্যান্সে খুশি। গোল না পেলেও নেইমারের উপস্থিতিই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন ব্রাজিল অধিনায়ক, ‘ওকে তিন-চারজন খেলোয়াড় ঘিরে রেখেছিল। এতে অন্যরা জায়গা পেয়েছে। আর অগুস্তোর দ্বিতীয় গোলটা তো ওরই বানিয়ে দেওয়া।’
পরশু জিতেও ব্রাজিলের অবস্থান তিনে, আর্জেন্টিনা নয় থেকে উঠেছে ছয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকান অঞ্চলের শীর্ষে কারা জানেন? ইকুয়েডর। চার ম্যাচের চারটিতেই তারা জিতেছে। এদিনই চিলিকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে সুয়ারেজবিহীন উরুগুয়ে। এএফপি।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ইকুয়েডর ৪ ৪ ০ ০ ৯/২ ১২
উরুগুয়ে ৪ ৩ ০ ১ ৯/২ ৯
ব্রাজিল ৪ ২ ১ ১ ৭/৪ ৭
প্যারাগুয়ে ৪ ২ ১ ১ ৩/২ ৭
চিলি ৪ ২ ১ ১ ৭/৭ ৭
আর্জেন্টিনা ৪ ১ ২ ১ ২/৩ ৫
কলম্বিয়া ৪ ১ ১ ২ ৩/৫ ৪
বলিভিয়া ৪ ১ ০ ৩ ৫/৮ ৩
পেরু ৪ ১ ০ ৩ ৪/৯ ৩
ভেনেজুয়েলা ৪ ০ ০ ৪ ৪/১১ ০