মার্টিনোর মধুর সমস্যা
মধুর সমস্যায় পড়েছেন জেরার্ডো মার্টিনো। আক্রমণভাগে কাকে ছেড়ে কাকে নেবেন, তা নিয়ে এখন রীতিমতো গলদঘর্ম অবস্থা তাঁর। লিওনেল মেসি ‘অটোমেটিক চয়েস’। কিন্তু সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজদের মধ্যে একজন বা দুজনকে বেছে নেওয়া ভীষণই কঠিন মনে হচ্ছে আর্জেন্টিনার কোচের কাছে।
খুব শিগগিরই হয়তো আর্জেন্টিনা মাঠে নামছে না। তবে কোপা আমেরিকার বাকি আর ছয় মাস, খুব বেশি দেরিও নেই। মার্টিনোকে তাই ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। মার্টিনো বলছেন, ‘তেভেজ দুই, হিগুয়েইন ছয় আর আগুয়েরো নয় হলে আমাদের দলটা দারুণ হয়।’ বলা দরকার, দুই বলতে রক্ষণ, ছয় বলতে মধ্যমাঠ ও নয় বলতে আক্রমণভাগে ব্যবহার করা বুঝিয়েছেন মার্টিনো।
এত দিন অবশ্য তেভেজ বিবেচনায় ছিলেন না। কিন্তু জুভেন্টাসের হয়ে গত কয়েক মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন, মার্টিনো আর উপেক্ষা করতে পারেননি তাঁকে। এই মৌসুমে এখন পর্যন্ত সিরি ‘আ’তে ১৫ ম্যাচে করেছেন ১০ গোল। আগুয়েরো তো ১৪ গোল নিয়ে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতাই। ৭ গোল নিয়ে হিগুয়েইনও ফর্মে। তিনজনকে একসঙ্গে খেলানো প্রায় অসম্ভবই, তার পরও কোপা আমেরিকার দলে কি সবাই থাকবেন?
মার্টিনো জানাচ্ছেন, ‘সময় এলে দেখা যাবে সবাই থাকে কি না। আমাদের দেখতে হবে কীভাবে সবাইকে কাজে লাগানো যায়। তবে কেউ খেলবে কেউ খেলবে না, সেটা তো হবেই। ফুটবলারদের বুঝতে হবে একই ধরনের খেলোয়াড়দের একসঙ্গে খেলানো খুব কঠিন।’ এএফপি।