মার্শাল আর্টের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেছেন অভিষেকেই, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অ্যান্থনি মার্শাল তাঁর জাদু দেখিয়েই যাচ্ছেন। পরশু সাউদাম্পটনের সঙ্গে l রয়টার্স
গোল করেছেন অভিষেকেই, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অ্যান্থনি মার্শাল তাঁর জাদু দেখিয়েই যাচ্ছেন। পরশু সাউদাম্পটনের সঙ্গে l রয়টার্স

রুড ফন নিস্টলরয়, ওয়েইন রুনি এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোরও কীর্তিটা নেই। অ্যান্থনি মার্শাল তিন পূর্বসূরির মতো মহিরুহ হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে পরশু জোড়া গোল করে এই তিনজনকেই এক দিক দিয়ে ছাড়িয়ে গেলেন। প্রিমিয়ার লিগে নিজের প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছেন মার্শাল, এর আগে শুধু লুইস সাহা ও ফেদেরিকো মাকেদাই এটা করতে পেরেছেন। ওল্ড ট্রাফোর্ড এখন আক্ষরিক অর্থেই ‘মার্শাল আর্টের’ জাদুতে আচ্ছন্ন।
সাউদাম্পটনের সঙ্গে ৩-২ গোলে জয়ের পর মার্শাল এখন পাদপ্রদীপের আলোয়। প্রথম ম্যাচের পর অনেকেই থিয়েরি অঁরির সঙ্গেও তাঁর তুলনা দিয়েছিলেন। পরশুর পর সেই দলে হয়তো আরও অনেকেই যোগ দেবেন। তবে ১৯ বছর বয়সী একজন স্ট্রাইকারের ওপর এখনই এত প্রত্যাশার বোঝা চাপিয়ে দিতে চান না ইউনাইটেড কোচ লুই ফন গাল। মাত্র উড়তে শেখা ছানাকে মা-পাখি যেমন আগলে রাখে, ফন গালও যেন মার্শালকে আগলে রাখতে চাইছেন, ‘অ্যান্থনি মার্শাল এর মধ্যেই একজন “স্পেশাল খেলোয়াড়”, কারণ ওর পেছনে আমরা অনেক অর্থ ব্যয় করেছি। অনেকেই বলছে, ও একজন দারুণ খেলোয়াড় হতে যাচ্ছে। কিন্তু ওর বয়স মাত্র ১৯, আমাদের ও তার পা মাটিতেই রাখতে হবে।’

তার প্রতিভা আছে। তবে ১৯ বছর বয়সে আপনি কারও কাছ থেকে খুব বেশি ধারাবাহিকতা আশা করতে পারেন না
— লুই ফন গাল

অথচ এই মৌসুমে যখন সাড়ে পাঁচ কোটি ইউরো দিয়ে মোনাকো থেকে তাঁকে আনা হলো, বাতাসে একটা প্রশ্ন ভাসছিল, ‘এই অ্যান্থনি মার্শালটা আবার কে?’ সেই প্রশ্নের উত্তর এরই মধ্যে অনেকেই পেয়ে গেছেন। দুই ম্যাচে ৩ গোল করেই মার্শাল এখন এই মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা, সব মিলে তৃতীয় সর্বোচ্চ। তবে ফন গাল এখনই তাঁর কাছ থেকে এমন পারফরম্যান্স নিয়মিত আশা করছেন না, ‘তার প্রতিভা আছে। তবে ১৯ বছর বয়সে আপনি কারও কাছ থেকে খুব বেশি ধারাবাহিকতা আশা করতে পারেন না। আবেগের দিক দিয়ে এরা অনেকটাই অপরিণত। ওর ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তবে এটা আমার জন্য খুব বড় কোনো সমস্যা নয়।’
তবে মার্শালের ইউনাইটেড ও ফ্রেঞ্চ সতীর্থ মরগান স্নেইডারলিন কোচের মতো অতটা ধৈর্য ধরতে রাজি নন, ‘অসাধারণ একজন প্রতিভা। সে আরেকজন ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট হতে যাচ্ছে।’
স্নেইডারলিনের কথা ফলুক, ফন গাল মনে মনে নিশ্চয়ই এমনটা চাইছেন! এএফপি, গোলডটকম।