মার্সেলো হয়তো ছেড়েই দিচ্ছেন রিয়াল মাদ্রিদ

এমন ছবি হয়তো আর বেশিদিন দেখা যাবে নাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছরের সম্পর্কটা তাহলে শেষই হয়ে যাচ্ছে।


রিয়াল মাদ্রিদ তখন কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোসের উত্তরসূরি খুঁজছে হন্যে হয়ে। সে লক্ষ্যেই কার্লোসের দেশে চোখ পড়ল রিয়ালের কর্তাব্যক্তিদের। ফ্লুমিনেন্সের তরুণ লেফট মিডফিল্ডার মার্সেলো ভিয়েরাকে দলে আনা হলো। কয়েক মৌসুম লেফট মিডফিল্ডার, লেফট উইঙ্গার হিসেবে খেলার পর জোসে মরিনিওর অধীন নিয়মিত রিয়ালের মূল একাদশে লেফটব্যাক হিসেবে খেলার সুযোগ পেলেন তিনি।

আবারও ব্রাজিলের জার্সি গায়ে চড়াতে চান মার্সেলো
ছবিঃ এএফপি

সেই যে শুরু, পরের এক দশক রিয়ালের মূল লেফটব্যাকের জায়গাটা হাতছাড়া করেননি এই ব্রাজিলিয়ান। কিন্তু সবকিছুরই তো শেষ আছে! বয়স হয়েছে, এখন আর লেফটব্যাক পজিশনে আগের মতো নির্ভরতার প্রতীক হয়ে খেলতে পারেন না। ফারলাঁ মেন্দি আর মিগেল গুতিয়েরেজের কাছে জায়গা হারিয়ে মার্সেলো এখন অধিকাংশ সময় রিয়ালের বেঞ্চেই কাটান। হয়তো রিয়ালেই ক্যারিয়ারের বাকি সময়টা কাটিয়ে দিতেন। কিন্তু সামনে যে বিশ্বকাপ আসছে!


এমনিতেই অ্যালেক্স সান্দ্রোর কাছে জাতীয় দলের মূল লেফটব্যাকের জায়গাটা হারিয়েছেন। ব্রাজিলে চলে এসেছেন রেনান লোদি, গিলের্মে আরানার মতো লেফটব্যাকও। তাই বলে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপেও কি মার্সেলো দর্শক হয়ে থাকবেন? অবশ্যই নয়।

কয়েক বছর আগেও ব্রাজিলের দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মার্সেলো
ফাইল ছবি

তিনি বুঝেছেন, নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে এটা। তাই শেষবারের জন্য একটা চেষ্টা করতে চান। চান লোদি, আরানা, সান্দ্রোদের হারিয়ে আবারও হলুদ-নীল জার্সিটা গায়ে দিতে। আবারও সেলেসাওদের হয়ে বিশ্বকাপ মাতাতে চান। আর সেটা করতে চাইলে ক্লাবের হয়েও নিয়মিত খেলতে হবে, আলো ছড়াতে হবে। ক্লাবের পারফরম্যান্স দিয়ে মন জয় করতে হবে ব্রাজিল কোচ তিতের। রিয়ালে থাকলে ফারলাঁ মেন্দি কিংবা মিগেল গুতিয়েরেজদের কারণে যা হবে না।


যে কারণেই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্সেলো। স্পানিশ সংবাদমাধ্যম মার্কা ও এএস, ব্রাজিলের ইউওএল এস্পোর্তে ও আর্জেন্টিনার ওলে’র খবর এমনটাই। আগামী মৌসুমেই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মার্সেলোর। এরপর নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে ফিরতে চান এই লেফটব্যাক।

১৫ বছর ধরে রিয়ালে আছেন মার্সেলো
ছবি: রয়টার্স

চাইলেই ইউরোপের কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন, কিন্তু সেটা করলে যেকোনো প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার একটা সম্ভাবনা থেকে যায়। যে ক্লাব তাঁকে এত দিয়েছে, সে ক্লাবের বিপক্ষে কীভাবে মাঠে নামতে পারেন মার্সেলো? তাই নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই লেফটব্যাক, জানিয়েছে ওলে।


রিয়ালের জার্সি গায়ে সব মিলিয়ে ৫৩৩ মার্চ খেলেছেন এই লেফটব্যাক। ১৫ মৌসুম ধরে ৩৮ গোল করার পাশাপাশি ১০১ বার গোলে সহায়তাও করেছেন। চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।