মালদিনি-বাস্তেনদের সময়েও এমন সুদিন দেখেনি মিলান
৫৬ বছরে কত কিছুই তো ঘটে গেছে মিলানে! তখন মিলানের লাল-কালো জার্সি পরে মাঠ মাতাতেন সিজার মালদিনি, এরপর এলেন তাঁর ছেলে পাওলো। ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার হয়ে বাবার কীর্তি ছাপিয়ে গেলেন। মিলানে এখন খেলে পাওলোর ছেলে দানিয়েল।
সময়ের চাকা ঘুরে গেছে নিজের নিয়মে। মিলানও দেখেছে হাজারো উত্থান-পতন। কিন্তু একটি কীর্তি কখনো ছাপিয়ে যেতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি—১৯৬৪ সালে গড়া সেই কীর্তিকে গত রাতে স্মরণ করিয়ে দিয়েছে তাঁরা।
ইউরোপা লিগের ম্যাচে গত রাতে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৩-১ গোলে হারিয়েছে এসি মিলান। এই নিয়ে টানা দশ ম্যাচে দুই বা ততোধিক গোল করল ক্লাবটি। হুট করেই যেন গোলের ফুলঝুরি ছোটানোর রেসিপি পেয়ে গেছে ইতালিয়ান দলটি। মিলান এর আগে এমন কীর্তি গড়েছিল ১৯৬৪ সালে—৫৬ বছর আগে।
এরপর কত কিংবদন্তিই তো খেলে গেলেন ক্লাবটিতে। মালদিনি পরিবারের নাম তো বলাই হলো। এরপর খেলে গেছেন জিয়ান্নি রিভেরা, ফ্রাঙ্ক রাইকার্ড, রুড খুলিত, মার্কো ফন বাস্তেন, আন্দ্রে শেভচেঙ্কো, কাকা-মিলানের কিংবদন্তিদের নাম বলা শুরু করলে শেষ করা যাবে না।
কিন্তু তাঁদের কপালে যে গৌরবতিলক জোটেনি, সেটাই করে দেখালেন এখনকার খেলোয়াড়েরা। আর এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকা হয়ে গেল মিলানের। ২১ ম্যাচের মধ্যে তাঁরা জিতেছে ১৭টি, বাকি ৪ ম্যাচ ড্র। গোল করেছে ৫৪টি। এই মৌসুমে ৮ ম্যাচ খেলে জিতেছে সবকটি। যে দলের আক্রমণভাগে এখন ৩৯ বছর বয়সী ‘বুড়ো’ ইব্রাহিমোভিচ ছাড়া তেমন কোনো তারকা নেই, সে আক্রমণভাগের জন্য এমন রেকর্ডগুলো দুর্দান্তই বলতে হবে।
ম্যাচের ১৪ মিনিটে স্প্যানিশ উইঙ্গার সামু কাস্তিয়েহোর ক্রসে গোল করেন বসনিয়ার মিডফিল্ডার রাদে ক্রুনিচ। প্রথমার্ধের শেষ দিকে রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা স্প্যানিশ উইঙ্গার ব্রাহিম দিয়াজ ব্যবধান দ্বিগুণ করেন। ৭৬ মিনিটে নরওয়ের উইঙ্গার মোহাম্মদ এলইউনুসির গোলে ব্যবধান কমায় সেল্টিক। তবে একদম শেষ দিকে এসে ম্যাচের ভাগ্য মিলানের হয়ে লিখে দেন এলইউনুসির স্বদেশি, এই মৌসুমেই মিলানে যোগ দেওয়া উইঙ্গার জেন্স পিটার হাউগ। হাইগসহ এই নিয়ে আলাদা আলাদা দশজন মিলানের হয়ে গোল করলেন, ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে যা সর্বোচ্চ।
আগামী সোমবার সিরি আ এর ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে মিলান। এই আগুনে ফর্ম যেন সে ম্যাচেও বজায় থাকে, কোচ স্তেফানো পিওলির আশা থাকবে সেটাই।