মালদ্বীপ-নেপাল দুই দলই রোমাঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলই বাংলাদেশে এসেছে একঝাঁক তরুণকে সঙ্গী করে। এমন দলের পক্ষে কত দূর যাওয়া সম্ভব, তা নিয়ে সংশয় থাকতে পারে অনেকের। তবে মালদ্বীপ-নেপাল দুই দলেরই চোখ বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে। পূরণ করেছে তারা সেই লক্ষ্য। একটা দল তো ফাইনালেও উঠে যাচ্ছে। এমনকি হতে পারে চ্যাম্পিয়নও।
তবে এখনি সেটা মাথায় না এনে কাল দুই দলই বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফাইনালে ওঠাটাকেই বলল ‘পাখির চোখ’। নেপালের অধিনায়ক বিরাজ মহারজন বললেন, ‘আমার কাছে দারুণ লাগছে এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে।’ মালদ্বীপকে সমীহ করছেন, তবে ‘ওরা তো আমাদের চেনা প্রতিপক্ষ’ বলে ফাইনালে ওঠারই আশাবাদ তাঁর মুখে। কোচ বালগোপাল মহারজনের কণ্ঠেও একই সুর।
মালদ্বীপকেই অনেকে এগিয়ে রাখছেন। সেমিফাইনালের চার দলের মধ্যে মালদ্বীপই পেয়েছে সর্বোচ্চ ৭ পয়েন্ট। তবে কোচ রিকি হার্বার্ট সেটা আর মনে রাখতে চাইছেন না। সেমিফাইনাল মানে ‘নতুন করে শুরু’র মন্ত্র জপছেন, ‘নকআউট ম্যাচে সতর্ক থাকতে হবে। কারণ এই ম্যাচের মেজাজটাই আলাদা।’ তবে সংবাদ সম্মেলনে ‘আমরা আত্মবিশ্বাসী’ শব্দ দুটি বার কয়েক উচ্চারণ করে বুঝিয়ে দিলেন, মালদ্বীপ বেশ উজ্জীবিতই হয়ে আছে।