মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে বাংলাদেশ অধিনায়কের অনুরোধ

মালদ্বীপকে হারাতে চান জামাল ভূঁইয়াফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে টিকিট নিয়ে কম নাটক হয়নি। প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশি বাস করেন মালদ্বীপে। তাই বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আয়োজকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এমনটা যেন না হয়, মালদ্বীপ ফুটবল ফেডারেশনের প্রতি সে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী ‘অ্যাওয়ে’ দলের জন্য বরাদ্দ ৮ শতাংশ টিকিট। সে হিসাবে ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল তিন শর মতো টিকিট।

এমনিতে ৩০০ টিকিট পর্যাপ্ত নয়, আবার আয়োজকেরা বাংলাদেশিদের কাছে পর্যাপ্ত টিকিট না বিক্রি করায় লোকজনের মধ্যে উত্তেজনারও সৃষ্টি হয়েছিল। এ নিয়ে সে সময়ে দুঃখ প্রকাশও করেছিল মালদ্বীপ ফুটবল ফেডারেশন।

এবার যেহেতু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, তাই স্বাগতিকদের কাছে থেকে বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা করছেন জামাল।

আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘প্রত্যাশা করি, এবার বাংলাদেশের দর্শকদের মাঠে আসতে দেবে মালদ্বীপ ফেডারেশন। অবশ্যই ম্যাচে মালদ্বীপ স্বাগতিক, কিন্তু বিপুলসংখ্যক বাংলাদেশিও ম্যাচটি দেখতে চান। গত বছর অনেক বাংলাদেশি দর্শক টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি। এটা প্রীতি ম্যাচ। সুতরাং দর্শকদের নিজের দেশের খেলার দেখার সুযোগ করে দেওয়া উচিত। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের কাছে এটা আমার অনুরোধ।’

আজ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে হাভিয়ের কাবরেরার
ছবি: প্রথম আলো

অধিনায়ক জামালের মতো কোচ হাভিয়ের কাবরেরাও ফিরে গিয়েছেন গত সাফে। তবে সেটি ইতিবাচক অর্থে। সর্বশেষ সাফে বাংলাদেশ ৫ দলের মধ্যে চতুর্থ হলেও টুর্নামেন্টে ভালো খেলেছিল বাংলাদেশ। পিছিয়ে পড়েও ১০ খেলোয়াড় নিয়ে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ গোলে ড্র হওয়ার ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। বিষয়গুলো জানা আছে নতুন কোচ কাবরেরার। এ ছাড়া যে অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজোনের অধীন টুর্নামেন্টটি খেলেছিল বাংলাদেশ, সে অস্কারের অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে কাবরেরার।

সে দলটির উদাহরণ টেনে কাবরেরা বলেছেন, ‘আমি যেভাবে দলকে খেলাতে চাই, তা বাস্তবায়ন করার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের আছে। দলটা সাফে দুর্দান্ত খেলেছিল। দলটা যে ভালো, তা টুর্নামেন্টে দারুণ খেলে দেখিয়েছিল তারা। অবশ্যই সেটা আমাদের জন্য ভালো একটা উদাহরণ।’

সাফে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারলেও এরপর নভেম্বরেই মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এটি ছিল ১৮ বছর পর মালদ্বীপকে হারানো।

সে জয়টি খেলোয়াড়দের অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান কাবরেরা, ‘শ্রীলঙ্কায় মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। সেটি মানসিকভাবে উজ্জীবিত করছে। আমরা আবার তাদের হারানোর জন্য প্রস্তুত। সেভাবে খেলাটাই আমাদের মূল উদ্দেশ্য।’ আজ মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।