মালদ্বীপ ফুটবল শেখাল বাংলাদেশকে
আসলাম-আশীষ-ওয়াসিম-কায়সার-চুন্নু-ইলিয়াসরা নিশ্চয়ই মালদ্বীপের বিপক্ষে আজকের ম্যাচটি দেখতে টেলিভিশনে চোখ রেখেছিলেন। তাঁদের স্মৃতিপটে নিশ্চয়ই ভেসে উঠছিল ১৯৮৫ সালের ডিসেম্বরের সেই সন্ধ্যাটা। যে সন্ধ্যায় ফুটবল কীভাবে খেলতে হয়, তার একটা পাঠ বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে পেয়েছিল আন্তর্জাতিক ফুটবলে নবীন দল মালদ্বীপ। বাংলাদেশের কাছে ৮-০ গোলে হেরে তারা জানতে পেরেছিল আন্তর্জাতিক ফুটবলটা কত কঠিন। আজ ঠিক ৩০ বছর পর সেই ডিসেম্বরেই ভারতের ত্রিবান্দ্রামে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ফুটবলের নব-প্রজন্ম বাংলাদেশকে শিখিয়ে দিল এই যুগে আন্তর্জাতিক ফুটবলে কথামালার কোনো স্থান নেই; ফুটবল শৈলী, যথাযথ পরিকল্পনা আর তরুণ প্রতিভা অন্বেষণে বিনিয়োগই আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকার শেষ কথা।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-০ গোলে হার ফুটবলপ্রেমীদের মাথা লজ্জায় হেঁট করে দিয়েছিল। আজ মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৩-১ গোলে হারটা ফুটবলপ্রেমীদের জানিয়ে দিল এদেশের ফুটবলের অধঃপতনের গতিটা কত দ্রুত।
খেলাটি যাঁরা দেখেননি তাঁদের মনে কৌতূহল জাগাটা স্বাভাবিক, বাংলাদেশ এই ম্যাচে কতটা খারাপ খেলেছে। কিন্তু বিশ্বাস করুন, ম্যাচটা বাংলাদেশ খারাপ খেলেছে—এ কথা একেবারেই বলা যাবে না। বলের দখল বাংলাদেশের পায়ে ছিল, মোটামুটি গোল হওয়ার মতো আক্রমণও বাংলাদেশ তৈরি করেছে। কিন্তু তারপরেও এই ম্যাচে পরাজিত দল বাংলাদেশ। কেন? ওই যে ফুটবল-শৈলী! এই জায়গাটাতেই যে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলাররা বল নিয়ে এগিয়ে যায়, কিন্তু প্রতিপক্ষের সীমানায় ফাইনাল পাসটা তারা দেয় জঘন্য। রক্ষণভাগের খেলোয়াড়েরা উঠে গিয়ে আক্রমণে সহায়তা করে, কিন্তু প্রতিপক্ষের প্রতিআক্রমণের মুখে নিজের জায়গায় ফেরার পথে গতিতে পেরে ওঠে না তাঁরা। বাংলাদেশের স্ট্রাইকাররা গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারে না। উইঙ্গাররা গোলমুখে বিপদজনক ক্রস ফেলতে পারেন না, বাংলাদেশের গোলরক্ষক প্রতি ম্যাচে একটি-দুটি মারাত্মক ভুল করেন। আন্তর্জাতিক ফুটবলে আমাদের প্রতিপক্ষ এই জায়গাগুলোতেই এগিয়ে যোজন ক্রোশ। যে দক্ষিণ এশীয় অঞ্চলে এক সময় আমাদের আধিপত্য ছিল, সেই অঞ্চলেও আমরা পিছিয়ে পড়ছি ক্রমশ। যে মালদ্বীপকে একসময় বাংলাদেশের জাতীয় দলসহ বড় ক্লাবগুলো গোলে ভাসাত, সেই মালদ্বীপের ফুটবলাররাও এখন প্রতিভা, ব্যক্তিগত নৈপুণ্য—সবদিক দিয়েই এগিয়ে বাংলাদেশের চেয়ে।
খেলার শুরুতে কিন্তু আশা জাগিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিট পর্যন্ত বলের দখলের অনুপাত বাংলাদেশের পক্ষে ছিল ৭২:২৮। বেশ কয়েকটি আক্রমণে মালদ্বীপের রক্ষণেও আতঙ্ক ছড়িয়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। ১২ মিনিটে ডানপ্রান্তে বল পেয়েও জাহিদের শট লাগে সাইড নেটে। ২৬ মিনিটে দুর্ভাগ্য গোল পেতে দেয়নি বাংলাদেশকে। ওয়ালি ফয়সালের দারুণ একটা ক্রস থেকে জাহিদের হেড মালদ্বীপের ক্রসবারে লেগে ফেরত আসে। পরের মিনিটেই একটি থ্রু বল থেকে বল পেয়ে মালদ্বীপের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সাখাওয়াত রনি।
জামাল ভূঁইয়ার উপস্থিতি উজ্জীবিত করেছিল বাংলাদেশ দলকে। কিন্তু পুরো ম্যাচে দলের সেরা খেলোয়াড় মামুনুল ইসলাম ছিলেন নিষ্প্রভ। রক্ষণে ভালো খেলছিলেন ওয়ালি ফয়সাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ডি-বক্সের মধ্যে সেই ওয়ালির হাতে বল লেগেই ম্যাচে দুর্ভাগ্যের শুরু বাংলাদেশের। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি পায় মালদ্বীপ। সেই পেনাল্টি থেকে মালদ্বীপকে ১-০ গোলে এগিয়ে দেন আলী আশফাক।
বাঁচা-মরার ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ে বড় ধরনের চ্যালেঞ্জই গ্রাস করে বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলটা শোধ করতে হন্যে হয়েই আক্রমণে ঝাঁপিয়েছিল বাংলাদেশ। কিন্তু যোগ্য একজন স্কোরারের অভাবে মালদ্বীপের রক্ষণে চাপ অব্যাহত রেখেও সমতাসূচক গোলটি আদায় করতে পারেনি বাংলাদেশ। ৭৪ মিনিটে সাখাওয়াত রনির আরও একটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
৮৭ মিনিটে ভাগ্য যেন চোখ তুলে তাকিয়েছিল বাংলাদেশের দিকে। তপু বর্মণের শট মালদ্বীপের একজন ডিফেন্ডারের মাথায় লেগে চলে যায় জালে।
১-১ অবস্থাতেও মালদ্বীপের সীমানায় দারুণ একটি আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনাল পাসের দুর্বলতায় সেই সুযোগটা কাজে আসেনি।
খেলায় যখন ড্র’য়ের সম্ভাবনা প্রবল, ঠিক তখনই মালদ্বীপ ফুটবলারদের প্রতিভার ঝলকটা বুঝতে পারে বাংলাদেশ। প্রতি আক্রমণ থেকে মালদ্বীপকে ২-১ গোলে এগিয়ে নেন হাসান নাইজ। পরের মিনিটেই সেই নাইজের পাস থেকে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আহমেদ নাশিদ।