মালদ্বীপ-বাহরাইন ম্যাচে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমের সামনে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। মালদ্বীপের ওপর মেজাজটাও বোধ হয় খারাপ হচ্ছিল গঞ্জালো মরেনোর। ডাগ-আউটে গিয়ে পারলে মালদ্বীপের কোচ রিকি হার্বার্টকে জিজ্ঞেস করতেন, ‘তোমার টিম এটা কী খেলছে?’
কিন্তু সেই সুযোগ না থাকায় বাংলাদেশ অলিম্পিক দলের কোচ দেখলেন, শেষ কয়েক মিনিট মালদ্বীপ দল স্রেফ দাঁড়িয়ে রইল মাঠে। প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই, কিন্তু ১-১ স্কোরলাইনটাকে ২-১ করার ইচ্ছে মালদ্বীপের ছিল বলে মনে হয়নি। বাহরাইনও সন্তুষ্ট থেকেছে ড্রতেই। ম্যাচে ফিরে জয়ের চেষ্টা তারাও করেনি। দুই দলের এই নেতিবাচক ফুটবল বাংলাদেশ অলিম্পিক দলের শেষ আশাটাও ধুয়েমুছে দিয়েছিল।
বাহরাইন হারলে তবেই কম্বোডিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশের একটা সুযোগ মিলত সেমিতে যাওয়ার। কিন্তু মালদ্বীপ-বাহরাইনের নাটক দেখে অনেকে মনে প্রশ্ন জাগল, দল দুটি নিজেরা সমঝোতা করেই কী চলে গেল বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে?
মালদ্বীপের কোচ প্রশ্নটা উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন রাখলেন সংবাদ সম্মেলনে, ‘ড্র হলেও গ্রুপসেরা আমরা। কাজেই গোলের জন্য আমি শেষ দিকে ঝাঁপাব কেন?’ কথায় যুক্তি আছে। কিন্তু এ নিয়ে আবারও প্রশ্ন হওয়ায় রিকি রেগেই গেলেন, ‘স্কোরলাইনের ওপর সবার সম্মান রাখা উচিত।’
বাংলাদেশ অলিম্পিক দলের কোচ সেই সম্মান রেখেও নিজের ক্ষোভটা আড়াল করতে পারলেন না। কম্বোডিয়ার সঙ্গে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে মালদ্বীপ-বাহরাইন দুই দলের মানসিকতা নিয়েই তুললেন প্রশ্ন, ‘এটা ফেয়ার প্লে হলো না। এক মিনিট ৩৩ সেকেন্ড দুই দলের খেলোয়াড়েরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকল। বাহরাইনের গোলকিপার বল মাটিতে রেখে সেটি সামনে বাড়িয়ে দেওয়ার কোনো গরজই দেখায়নি। এমন কাণ্ড জীবনে দেখিনি আমি।’