মালদ্বীপ সফরে নেই মামুনুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে মালদ্বীপ সফরের দলে নেই মামুনুল ইসলাম। তাঁর বাঁ পায়ের মাংসপেশিতে ব্যথা আছে। কয়েক দিন আগে পাওয়া চোট এখনো সারেনি। তাই ১ সেপ্টেম্বর মালেতে মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার। আগামীকাল দলের সঙ্গে মালদ্বীপ না গিয়ে ঢাকায় বিশ্রাম নেওয়াটাই তাঁর জন্য ভালো হবে বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক।
তবে ভুটানের সঙ্গে ৬ সেপ্টেম্বর এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ প্লে-অফে খেলার ব্যাপার আশাবাদী মামুন, ‘চোট সেরে উঠছে আস্তে আস্তে। ভুটানের সঙ্গে খেলতে পারব মনে হচ্ছে। তত দিনে পুরো ফিট হয়ে যাব।’ কোচ সেন্টফিটও ভুটান ম্যাচে চান মামুনুলকে। তাই তাঁকে মালদ্বীপ নেওয়া হচ্ছে না। সদ্য বাবা হওয়ার তাজা স্মৃতি নিয়ে সেন্টফিট সরাসরি বেলজিয়াম থেকে দলের সঙ্গে মালেতে যোগ দেবেন।