মালদ্বীপকে চূর্ণ করে ফাইনালে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ১৯৯৩ দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। ২৩ বছর পর সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরেকবার সাফল্যের পতাকা ওড়ানোর অপেক্ষায় দেশটির ফুটবল দল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মালদ্বীপকে ৪-১ গোলে চূর্ণ করে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠল নেপাল। আগামী পরশু ফাইনালে নেপালের সামনে বাহরাইন।
আগেরবার খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়া বালগোপাল মহারজন এবারের দলটির কোচ। তাঁর যেন বিশ্বাসই হচ্ছিল না এই স্কোরলাইন! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ‘আমি ভেবেছি বড়জোর ২-১ হতে পারে। অথবা টাইব্রেকারে যাবে ম্যাচ। ভাবিনি ছেলেরা এমন অবিশ্বাস্য খেলবে।’
সত্যিই সবাইকে বিস্মিত করে নেপাল রীতিমতো আগুন ঝরাল মাঠে। নেপালের তরুণদের গতিময় ফুটবলের কাছে পাত্তাই পায়নি টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মালদ্বীপ। নেপালের তরুণ স্ট্রাইকার নবযুগ শ্রেষ্ঠার কাছেই আসলে মালদ্বীপ উড়ে গেছে ঝরাপাতার মতো। প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেন নেপাল আর্মি ক্লাবের এই স্ট্রাইকার।
নিজের সপ্তম আন্তর্জাতিক ম্যাচে প্রথম গোল পেলেন ম্যাচের ৩১ মিনিটে। বিমলের শট মালদ্বীপ গোলরক্ষক ফয়সাল মোহাম্মদের হাত ফসকে বেরিয়ে গেলে দ্বিতীয় চেষ্টায় বল জালে ঢোকান নবযুগ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক নেপাল। ৫৭ মিনিটে রবিন শ্রেষ্ঠার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করলেন বিশাল।
৬২ মিনিটে বক্সের বাইরে থেকে নবযুগের আচমকা বাঁকানো শটে ৩-০। ৭৬ মিনিটে ৩-১ করে ফেলে মালদ্বীপের নাশিদ। শেষ বাঁশির আগ মুহূর্তে অসাধারণ শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নবযুগ। দলের এমন নৈপুণ্য দেখে স্টেডিয়ামে আসা হাজার খানেক নেপালির সে কী উল্লাস!