মালদ্বীপে এবার সাবিনার দুই সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে খেলতে যাচ্ছেন মিডফিল্ডার মিরোনা (বাঁয়ে), স্ট্রাইকার সাবিনা খাতুন (মাঝে) ও গোলরক্ষক সাবিনা আক্তার। সঙ্গে নিয়ে যাচ্ছেন পেছনে থাকা জাতীয় পতাকার লাল-সবুজ চেতনা। কাল বাফুফে ভবনে  l প্রথম আলো
মালদ্বীপে খেলতে যাচ্ছেন মিডফিল্ডার মিরোনা (বাঁয়ে), স্ট্রাইকার সাবিনা খাতুন (মাঝে) ও গোলরক্ষক সাবিনা আক্তার। সঙ্গে নিয়ে যাচ্ছেন পেছনে থাকা জাতীয় পতাকার লাল-সবুজ চেতনা। কাল বাফুফে ভবনে l প্রথম আলো

গত এপ্রিলে খেলে এসেছেন মালদ্বীপের ক্লাব ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে। খেলেছিলেন স্থানীয় পুলিশ ক্লাবের হয়ে। দ্বীপদেশটি মাতিয়ে ফেরার সময় আবারও খেলার প্রস্তাব পান জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। মালদ্বীপের ক্লাব কর্মকর্তারা সাবিনার খেলায় মুগ্ধ হয়ে তাঁর মাধ্যমে আরও বাংলাদেশি ফুটবলার নেওয়ার প্রস্তাব দেন। সেই সূত্রেই এবার মালদ্বীপে খেলতে সাবিনার সঙ্গী হচ্ছেন জাতীয় দলের গোলরক্ষক সাবিনা আক্তার ও মিডফিল্ডার মিরোনা খাতুন। মালদ্বীপের উদ্দেশে আজই ঢাকা ছাড়বেন তিন ফুটবলার।
মালদ্বীপের মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্লাব দিভেহি সিফাইংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ফুটবলের তিনকন্যা। এই ক্লাবটি মালদ্বীপ জাতীয় নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত। ২৪ মে থেকে ১৪ জুন মালেতে হবে মেয়েদের এই ফুটবল টুর্নামেন্ট। তবে কতগুলো দল নিয়ে এর আয়োজন, কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তা জানাতে পারেননি কর্মকর্তারা। সেখানে কমপক্ষে ৪টি করে ম্যাচ খেলবেন তিনজন।
ফুটসাল টুর্নামেন্টে ৮০০ ডলার পারিশ্রমিক পেয়েছিলেন সাবিনা খাতুন। এবার সেটা বেড়েছে, ১২০০ ডলারের চুক্তি। আর গোলরক্ষক সাবিনা এবং মিরোনা পাবেন ৬০০ ডলার করে। সঙ্গে বিমানভাড়া, আবাসন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও থাকছে।
মালদ্বীপে এবার সতীর্থ দুজনকে নিয়ে যেতে পারছেন বলে উচ্ছ্বসিত সাতক্ষীরার সাবিনা, ‘প্রথমবার একা খেলে এসেছি, এবার আরও দুজন যাচ্ছে। এ জন্য আমি খুবই রোমাঞ্চিত। বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্স করে দেশের সম্মান বাড়ানোরই চেষ্টা থাকবে আমার।’
পাকিস্তানে হওয়া সর্বশেষ সাফে সাবিনার খেলা দেখে মুগ্ধ মালদ্বীপের ফুটবল কর্তারা তাঁকে খেলার সুযোগ করে দেন মালদ্বীপে। সেখানকার ফুটসাল টুর্নামেন্টে সেই মুগ্ধতা আরও বাড়িয়ে দিয়েছেন। ৬ ম্যাচে ৩৭ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা, ৫ ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। মালদ্বীপে থাকতেই সাবিনাকে নিজেদের দলে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যায়! ‘ফুটসালে খেলার সময় সব ক্লাবের কর্মকর্তারা মাঠে থাকতেন। ওই সময় তিন-চারটি দল প্রস্তাব দিয়েছিল। কিন্তু দল হিসেবে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ভালো’—বলছিলেন সাবিনা।
ঘরোয়া ফুটবলে এবং জাতীয় দলে পাঁচ বছর ধরে একসঙ্গে খেলছেন সাবিনা ও মিরোনা। এই বোঝাপড়াটা মালদ্বীপেও থাকবে বলে বিশ্বাস সাবিনার। গোলরক্ষক সাবিনাকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী, ‘ওদের আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম আমাদের সাবিনা খুব ভালো গোলরক্ষক। ও শুধু আমাদের দেশেরই নয়, দক্ষিণ এশিয়ারও এক নম্বর।’
বাংলাদেশের প্রমীলা ফুটবলের বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন। এভাবে তাঁকে বিদেশে খেলার সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞ বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে, ‘মেয়েদের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কিরণ ম্যাডামকে ধন্যবাদ। বিদেশের মাটিতেও প্রমাণ করব বাংলাদেশের মেয়েরা সত্যিই এগিয়ে যাচ্ছে।’