মালদ্বীপে সাবিনার ফুটবল-ঝলক

পা বাড়ালেই সমুদ্র। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যেন দারুণ মিতালি পাতিয়েছেন সাবিনা খাতুন। মালদ্বীপ থেকে কাল টেলিফোনে যখন কথা বলছিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের স্ট্রাইকার, অন্য প্রান্তে টের পাওয়া যাচ্ছিল উচ্ছ্বাসটা, ‘এখানে খুব ভালো আছি। ক্লাবের সবার মুখে শুধু আমার প্রশংসা। ওরা আমাকে নিয়ে অনেক গর্বিত।’
তা গর্ব করার মতো কাণ্ডই ঘটিয়েছেন সাবিনা। ‘ক্লাব মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তা’—নামের টুর্নামেন্টে খেলছেন স্থানীয় পুলিশ ক্লাবের হয়ে। প্রতিবছরই মালদ্বীপে হয় এই টুর্নামেন্ট। এরই মধ্যে চার ম্যাচে সাবিনা গোল করেছেন ৩৩টি! প্রথম ম্যাচে ৪ গোল, পরের ম্যাচে ১৬ গোল করে তুমুল হইচই ফেলে দেন টুর্নামেন্টে। তৃতীয় ম্যাচে করেন ১০ গোল। পরশু করেছেন হ্যাটট্রিক।
দ্বীপদেশটির রাজধানী মালেতে প্রবাসী বাংলাদেশি অনেক। ফুটবলপাড়ায় এখন তাঁদের সব আগ্রহের কেন্দ্রে শুধুই সাবিনা। প্রতিটি ম্যাচে অন্তত তিন-চার শ দর্শক মাঠে আসে সাবিনার খেলা দেখতে। ম্যাচ শেষে কেউ সেলফি তোলেন, কেউ অটোগ্রাফও নেন। বিদেশের মাটিতে বাংলাদেশের গর্বের এক নায়িকা বনে গেছেন সাতক্ষীরার পলাশপোলের মেয়ে। সবার এমন বাড়াবাড়ি রকমের আগ্রহ দেখে একটু অবাকই সাবিনা, ‘প্রতিটি ম্যাচেই প্রচুর বাঙালি দর্শক আসে। ওরা একটু বেশিই এক্সাইটেড। আমার পায়ে বল গেলেই “বাংলাদেশ, বাংলাদেশ” বলে চিৎকার করে। তখন আমার কী যে গর্ব হয়!’
সাবিনার সঙ্গে ক্লাবটির চুক্তি ৮০০ ডলার। তবে আবাসন, খাবারদাবারসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ক্লাবেরই দেওয়ার কথা। তা কেমন আদর-আপ্যায়ন পাচ্ছেন? ‘আমাকে থাকতে দিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তার কোয়ার্টারে। ক্লাবের সবাই আমাকে খুব ভালোবাসেন। স্নেহ করেন। আমার কোনো সমস্যা হচ্ছে কি না বারবার জানতে চান। সারাক্ষণ বলেন, সাবিনা, তোমার পারফরম্যান্সে আমরা খুব খুশি’—সাবিনার কথাতেই বোঝা যাচ্ছিল কী দারুণ আনন্দে দিন কাটছে তাঁর। ক্লাবের তিন ফুটবলার অধিনায়ক রিজভি, লিনা ও জাহির সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। অনুশীলন না থাকলে বন্ধুদের সঙ্গেই সমুদ্র-দর্শনে বেরিয়ে পড়েন সাবিনা।
বাংলাদেশের সমুদ্রশহর কক্সবাজারে নিয়মিতই খেলেছেন। মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কাতেও। কিন্তু মালদ্বীপের সৌন্দর্যই বেশি মুগ্ধ করেছে তাঁকে, ‘আমার রুমের জানালা খুললেই সাগর দেখা যায়। সকালে ঘুম থেকে উঠেই জানালার পাশে চলে আসি। তা ছাড়া সময় পেলেই বন্ধুদের নিয়ে সাগরের পাড়ে যাই।’
এমনিতেই মালদ্বীপে ফুটবল জনপ্রিয়। তবে এখানে নাকি বেশি জনপ্রিয় ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্ট। সাধারণ মাঠের চেয়ে ছোট আকৃতির মাঠে হয় খেলা। গোলরক্ষকসহ পাঁচজন খেলতে পারেন প্রতিটি দলে। তবে বাকি নিয়ম সাধারণ ফুটবল ম্যাচের মতোই। এই টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ পুলিশ ক্লাব সাবিনা-ঝলকে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে। ১১ এপ্রিল শেষ চারে তাদের প্রতিপক্ষ আর্মি ক্লাব।
বাংলাদেশ আর মালদ্বীপে মেয়েদের ফুটবলের পেশাদারি একই রকম বলে মনে হয়েছে সাবিনার, ‘এখানেও আমাদের দেশের মতোই মহিলা ফুটবল একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তবে এখানকার ফুটবল কর্মকর্তারা অনেক বেশি পেশাদার।’
মালদ্বীপে দিনগুলো আনন্দে কাটলেও সেখানকার খাবারদাবার একদমই অপছন্দ সাবিনার। সব খাবারেই থাকে নারকেলের ছোঁয়া। তাঁকে অবশ্য ক্লাব থেকে সব সময় বাঙালি খাবারই সরবরাহ করা হয়, ‘প্রতিদিন মাছ, ডাল-ভাত আমার জন্য থাকেই।’
এত এত গোল করছেন, কিন্তু পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন সাবিনা, ‘আমার কাছে টাকাটা অনেক কমই মনে হয়েছে। তবে যেহেতু প্রথমবার বিদেশে খেলতে এসেছি, তাই এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।’ এক ফাঁকে সাবিনা একটা সুসংবাদও দিলেন, ‘আমার খেলা দেখে ওরা অনেক সন্তুষ্ট। আগামী মৌসুমে বাংলাদেশ থেকে আরও কয়েকজন নারী খেলোয়াড় নেওয়ার আগ্রহ দেখিয়েছেন অনেকে।’
দক্ষিণ এশিয়ার ছোট্ট দ্বীপদেশটিতে যেন মুক্তার ঝিলিকই দিচ্ছেন বাংলাদেশের মেয়ে সাবিনা।