মালদ্বীপের জয়ে শেষ যশোর-পর্ব
আগেরই দিনই ঘোষণা দেওয়া হয়েছিল স্টেডিয়ামে ঢুকতে কোনো টিকিট লাগবে না। তারপরও ম্যাচ শুরুর দিকে গ্যালারির অর্ধেকই ফাঁকা পড়ে রইল। কিন্তু যতই সময় গড়িয়েছে, ভিড় বেড়েছে দর্শকের। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে প্রায় ৯ হাজার দর্শক জমজমাট এক লড়াই দেখেই বাড়ি ফিরেছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ যশোর-পর্বের পর্দা নেমেছে কাল মালদ্বীপ-কম্বোডিয়া ম্যাচ দিয়েই। আক্রমণ ও পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে মালদ্বীপ।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা কম্বোডিয়া দলটিতে তারুণ্যেরই আধিক্য। সাফের সেমিফাইনালে ওঠা মালদ্বীপেরও তা-ই। মালদ্বীপ ফুটবলের সবচেয়ে বড় তারকা আশফাক আলীকে ছাড়াই যা খেলল দলটি, তাতে তারাই যেন ফেবারিট হয়ে উঠছে। ক্লাব ছাড়েনি বলে আশফাক বাংলাদেশে আসতে পারেননি। তাঁর মতো সিনিয়র সাতজনকে ছাড়াই মালদ্বীপের খেলায় কোচ রিকি লয়েড হার্বার্টও দারুণ খুশি, ‘প্রথম ম্যাচটা সব সময়ই কঠিন হয়। এই জয়টা আমাদের জন্য অনেক বড়। অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়েরা যা খেলেছে তাতে আমি খুশি।’ উল্টো দিকে হতাশার সুর বাজল কম্বোডিয়ার কোচ তাই হুন লির কণ্ঠে, ‘ছেলেরা ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টাই করেছে, যদিও ওদের খেলায় আমি খুশি নই।’
ইসা ইসমাইলের গোলে ৪ মিনিটেই এগিয়ে যায় মালদ্বীপ। ১৪ মিনিটে কম্বোডিয়াকে সমতায় ফেরান ভানডেথ সন (১-১)। ৩৮ মিনিটে স্কোরলাইন ২-১ করেন মালদ্বীপ ফরোয়ার্ড হাসান নাঈজ। ৪৫ মিনিটে আবারও ম্যাচে ফিরেছে কম্বোডিয়া, দিনা তিতের গোলে। ৭৭ মিনিটে কম্বোডিয়ার গোলরক্ষক রাথ উমের ভুলে জয়সূচক গোলটি পেয়ে যায় মালদ্বীপ। বাঁ দিক থেকে উড়ে আসা বলটি রাথের হাত ফসকে বেরিয়ে গেলে সেটিকে আলতো টোকায় জালে ঢোকান হাসান। আগামী পরশু ১৪ জানুয়ারি মালদ্বীপ খেলবে বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে, ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে।