মালদ্বীপের বিপক্ষে 'ভালো' করতে চান সেন্টফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচটি ড্র হলেই খুশি হবেন জাতীয় ফুটবল দলের বেলজিয়ান কোচ টম সেন্টফিট। গত ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বিপক্ষে ৩-১ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা থেকেই ড্র’টাকেই ‘ভালো কিছু’ মনে হচ্ছে তাঁর। তবে ম্যাচটিকে তিনি নিতে চাচ্ছেন ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের দুটো প্লে-অফের প্রস্তুতি হিসেবেই। ওই দুটো ম্যাচ যে জিততেই হবে বাংলাদেশকে!

মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতে ড্র হলেই খুশি সেন্টফিট। ছবি: প্রথম আলো।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতে ড্র হলেই খুশি সেন্টফিট। ছবি: প্রথম আলো।

এক সময় এই মালদ্বীপকেই হেসে-খেলে হারাত বাংলাদেশ। ১৯৮৫ সালে ঢাকা সাফ গেমসে মালদ্বীপের বিপক্ষে ৮-০ গোলের জয়টি এখনো আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এই দলটির বিপক্ষে বাংলাদেশ শেষবার জিতেছিল ১৩ বছর আগে। মালদ্বীপের বিপক্ষে শেষ দুটো সাক্ষাতে বাংলাদেশ লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিল। একজন পেশাদার কোচ হিসেবে প্রতিপক্ষকে গিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে হয়তো এসব তথ্য জেনে গেছেন সেন্টফিট।
মাঝখানে বেলজিয়ামে গিয়েছিলেন সদ্যোজাত কন্যা ও স্ত্রী দেখতে। বেলজিয়াম থেকেই সরাসরি মালদ্বীপের মালেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সেন্টফিট। বাংলাদেশের কোচ হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলেই কিনা, মালদ্বীপ ম্যাচটি একটু বাড়তি গুরুত্বই পাচ্ছে তাঁর কাছে, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোচ হিসেবে আমার প্রথম ম্যাচ। এটিতে ভালো করতে চাই।’
মালদ্বীপকে শ্রেয়তর দল মেনেই লক্ষ্য ঠিক করেছেন সেন্টফিট, ‘আমরা জানি, মালদ্বীপ খুবই ভালো দল। খুব দ্রুত উন্নতি করছে তারা। মালদ্বীপের বিপক্ষে গত বছরই বাংলাদেশ ১-৩ গোলে হেরেছিল। তবে আমরা ভালো ফলের জন্য সম্ভব সবকিছুই করতে চাই। ম্যাচটি ড্র হলে আমি সন্তুষ্ট থাকব। জিতে গেলে তো খুবই ভালো হয়। স্বাভাবিকভাবেই জয় পাওয়াটা দুর্দান্ত ফল।’
ম্যাচটি জিতলে অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। তবে জয়ের কথা বলে খেলোয়াড়দের চাপে ফেলতে চান না সেন্টফিট। এতে দলের মূল লক্ষ্য ভুটান ম্যাচের প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাঁর, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি প্রস্তুতিমূলক। সবচেয়ে বড় কথা এই ম্যাচে আমরা ভুটান ম্যাচের প্রস্তুতি নেব। সেই ম্যাচের জন্য কৌশল তৈরি করব। ভুটানের বিপক্ষে আমাদের জিততেই হবে। তবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতেও খারাপ করা চলবে না।’
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায়। গতকাল রাতেই মালে পৌঁছেছে জাতীয় দল। আজ সকালে হালকা অনুশীলনও সেরেছে তারা। তবে দিনভর বৃষ্টি প্রস্তুতিতে কিছুটা বাধা সৃষ্টি করেছে বলে জানা গেছে। সন্ধ্যায় ম্যাচের ভেন্যু মালে জাতীয় স্টেডিয়ামে একটি অনুশীলন সেশন হওয়ার কথা।