মালয়েশিয়া কেমন প্রতিপক্ষ?

২০১২ সালের নভেম্বর মাসে কুয়ালালামপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মামুনুল-মিঠুন-এমিলিদের বাংলাদেশ দল। সে ম্যাচকে প্রেরণা হিসেবে নিলে আজ সিলেটে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে তো বাংলাদেশ জাতীয় দলের ভালোই করা উচিত।
ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধার কিংবা ফুটবলের জোয়ার আনা—যে লক্ষ্যের কথাই বলা হোক, বাংলাদেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ আয়োজনকে স্বার্থক করতে আজ সিলেটে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হার এড়ানোর বিকল্প নেই লোডভিক ডি ক্রুইফের শিষ্যদের জন্য। মালয়েশিয়ার অলিম্পিক দল হিসেবে খ্যাত এই দলটির বিপক্ষে আজ বাংলাদেশের একটি জয় দেখতে যে গোটা জাতি উদগ্রীব, সেটা হাবে-ভাবেই কেবল নয়, বিরাট অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেই খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে প্রতিপক্ষ মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দল হলেও এই ম্যাচ বাংলাদেশ জাতীয় দলের জন্য এক বিরাট অগ্নি-পরীক্ষাই।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়েই আছে মালয়েশিয়া। বাংলাদেশের ১৬৫তম অবস্থানের বিপরীতে মালয়েশিয়ার অবস্থান ১৫৪। র্যাঙ্কিং ছাড়াও দুই দলের মুখোমুখি লড়াইয়েও পাল্লা ভারী মালয়েশিয়ার দিকেই। তবে যে ব্যাপারটি বাংলাদেশের জন্য উৎসাহ-ব্যাঞ্জক, সেটি হচ্ছে, দক্ষিণ এশীয় পরিচিত প্রতিপক্ষগুলোর বাইরে মালয়েশিয়াই অন্যতম দল, যে দলের সঙ্গে সমানতালে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের আছে। ইতিহাস বলছে এ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে দশটি ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে, ড্র করেছে দুটি ম্যাচ। বাকী সাতটি ম্যাচে হারলেও হারগুলো খুব একটা লজ্জাবনত নয়।
মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল একমাত্র জয়টি পেয়েছিল আজ থেকে ৩২ বছর আগে। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে বাদল রায় ও আশীষ ভদ্রের দুই গোলে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনো দিন মালয়েশিয়ার বিপক্ষে জিততে না পারলেও দুটো ম্যাচে বাংলাদেশ হারেনি। বিরাশি সালের আগস্টে কুয়ালালামপুরের একটি প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আগেই বলা হয়েছে, ২০১২ সালের নভেম্বরে কুয়ালালামপুর শহরেই দুই দেশের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
মালয়েশিয়ার সঙ্গে বেশ অনেকবারই বয়সভিত্তিক প্রতিযোগিতায় মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। সবচেয়ে ভালো ফল বোধকরি ১৯৯০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে। সেবার ব্যাংককে এশীয় যুব ফুটবলের বাছাইপর্বে মালয়েশিয়াকে বাংলাদেশ হারিয়েছিল ৪-০ গোলে। সে বছরই অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে ঢাকায় মালয়েশিয়ার বিপক্ষে খেলাটি গোলশূন্যভাবে শেষ করেছিল বাংলাদেশ যুবদল।
১৯৯১ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল প্রাক-অলিম্পিক বাছাইয়ে নিজেদের গ্রুপ-প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল মালয়েশিয়াকে। কুয়ালালামপুর ও সিউলের দুই লেগে বাংলাদেশ হারলেও ব্যবধান ছিল ন্যূনতমই (দুটো ম্যাচেই ১-০)। আজ থেকে পনেরো বছর আগে দেশের মাটিতে আয়োজিত সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসেছিল মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল তারা।
অতীতের খেলাগুলো আজ মামুনুলদের অনুপ্রেরণা হবে কিনা, সেই বিবেচনা অবশ্য সময়ের হাতেই তোলা থাকছে।