মালয়েশিয়া যাচ্ছে খুদে ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মতো সুপার মক কাপে খেলতে আজ মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৩ দল। খেলা হবে অনূর্ধ্ব-১২ বিভাগে ৫০ মিনিট, প্রতি দলে খেলবে নয়জন করে। অনূর্ধ্ব-১৩ বিভাগের ম্যাচের সময় ৭০ মিনিট, তবে এখানে ১১ জনই খেলবে প্রতিটি দলে। গ্রুপ পর্বের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতির।
এই টুর্নামেন্টের জন্য গত এক মাস ছেলেরা প্রস্তুতি নিয়েছে বাফুফের সিলেট একাডেমি এবং আবাহনী মাঠে। অনূর্ধ্ব-১২ বিভাগে বাংলাদেশের গ্রুপ সঙ্গী দক্ষিণ কোরিয়ার দুই ক্লাব সিউল সিনড্যাপ, জিওজে কিমজিংগুই, মালয়েশিয়ার কগারস ও জিয়োনসা। অনূর্ধ্ব-১৩ বিভাগে বাংলাদেশ খেলবে কোরিয়ার পোহাং স্টিলার্স, জাপানের গাম্বা ওসাকা, থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের সঙ্গে।
অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ফাহিম মোর্শেদ খেলেছে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মালয়েশিয়ায়, ‘আমাদের দলে সাফে খেলা চারজন আছে। আমরা অনেক দিন একসঙ্গে অনুশীলন করছি। আশা করি মালয়েশিয়ায় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত সেমিফাইনালে উঠতে পারব।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। কাল এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যরা।