মালাগা সাহস দিচ্ছে না জুভেন্টাসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিগুয়েইন-দিবালা জুটি বার্সার জন্য হুমকি! ছবি: এএফপি
হিগুয়েইন-দিবালা জুটি বার্সার জন্য হুমকি! ছবি: এএফপি

স্প্যানিশ লিগে খোঁড়াতে থাকা একটা দল যদি পারে, জুভেন্টাস কেন পারবে না! কাল বার্সেলোনা ২-০ গোলে হেরে গেছে মালাগার কাছে। ওদিকে জুভেন্টাস শিয়েভোকে একই ব্যবধানে হারিয়েছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে জুভেন্টাস। এর আগে দুই দলের দুটি ম্যাচের উল্টো ফল। জুভেন্টাস আশাবাদী হতেই পারে!

কিন্তু এতেও টলানো গেল না ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। দুই বছর আগে বার্লিনের ফাইনালে ডাগআউটে দাঁড়িয়ে দেখেছেন, ছন্দে থাকা বার্সা কীভাবে স্রেফ ধ্বংস করে দিল তাঁর দলকে। জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে সেবার নিজেদের পঞ্চম ইউরোপ–সেরার ট্রফি জিতেছিল বার্সা। এ কারণে মালাগা ম্যাচের ফল গোনায় ধরছেন না অ্যালেগ্রি।
জুভেন্টাস কোচ কাল বলেছেন, ‌‘ওই ম্যাচের ফল বিবেচনায় নেওয়াটা বোকামি। বার্সেলোনা কিন্তু এ ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত (ইউরোপ পর্যায়ে নকআউট রাউন্ডে)। আমার কাছে এই বার্সা আগের বার্সাই। আপনার দলে যদি মেসি, ইনিয়েস্তা, সুয়ারেজ, নেইমারের মতো খেলোয়াড় থাকে, বারবার খুব বেশি ভুল করার কথা না।’
নিজেদের মাঠ থেকে জয় নিয়ে প্রথম লেগের সুবিধা তুলে নেওয়া—এটাই অ্যালেগ্রির একমাত্র ভাবনা, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ এটা কোয়ার্টার ফাইনাল। বার্সেলোনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, তবে আমরাও মাঠে নামব এই বিশ্বাস নিয়ে, পরের রাউন্ডে যাওয়ার ভালো সম্ভাবনা আছে আমাদের। ওদের জন্য কাজটা কঠিন করে তুলতে হবে আমাদের। যখন আক্রমণের সুযোগ পাব, আমাদের আক্রমণ করতে হবে। আবার একই সঙ্গে আমাদের রক্ষণও সামলাতে হবে। সহজ হিসাব—আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’ সূত্র: এএফপি।