মালাগার বিপক্ষে ফিরছেন মেসি?
স্প্যানিশ লিগে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে হালকা চোট পেয়েছিলেন গত সপ্তাহে। তিন দিন আগে কোপা ডেল রের ম্যাচে তাই দর্শক ছিলেন। আজ অবশ্য চোট কাটিয়ে আবার মাঠে নামার কথা লিওনেল মেসির। নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার কথা লুইস সুয়ারেজেরও। মালাগার বিপক্ষে ন্যু ক্যাম্পে ‘এমএসএন’ ত্রয়ীরও আজ ফেরার কথা।
ফেরাটা আজ আসলেই দরকার। প্রতিপক্ষ মালাগা যে গত কয়েকটি ম্যাচে বার্সাকে নাকানিচুবানি খাইয়েই ছেড়েছে। গত মৌসুমে মালাগার বিপক্ষে লা লিগার দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি বার্সা। একটিতে হেরেছে, অন্যটিতে ড্র। এই মৌসুমেও ম্যাচের শেষ দিকে টমাস ভারমেলেনের গোলে ১-০ জয়টা এসেছে অনেক ঘাম ঝরিয়ে। বড়দের পেলেই এই মৌসুমে মালাগা যেন দুর্দমনীয় হয়ে উঠছে। বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে। গত মাসেই হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ তাই সতর্কবার্তাই দিলেন সতীর্থদের, ‘আমাদের ভালো বিশ্রাম দরকার, কারণ মালাগার সঙ্গে আমাদের আগের ম্যাচগুলো সহজ ছিল না। তাদের যথেষ্ট সমীহ করেই আমাদের খেলতে হবে।’ এএফপি।