মালাগার সান্দ্রো যেন বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্দ্রো রামিরেজ
সান্দ্রো রামিরেজ

সব পথ যেন মিলেছে মালাগায়! স্প্যানিশ লিগের শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের শেষ বাধা এখন মালাগা। আর শিরোপাটা ধরে রাখতে বার্সেলোনার শেষ আশাও ওই মালাগা। সেই আশার পালেই জোর হাওয়া দিয়ে গেলেন মালাগারই স্ট্রাইকার সান্দ্রো রামিরেজ। বার্সা একাডেমিতে বেড়ে ওঠা স্প্যানিশ স্ট্রাইকারের আশা, আগামীকালের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপাটা মেসি-নেইমারদেরই উপহার দেবে তাঁর দল!
স্প্যানিশ লিগের শিরোপার রোমাঞ্চটা এবার যাচ্ছে শেষ দিন পর্যন্ত। বাংলাদেশ সময় রোববার রাত ১২টায় বার্সেলোনা ঘরের মাঠে এইবারের সঙ্গে ম্যাচটা জিতবে ধরেই নিচ্ছেন সবাই। কিন্তু তা-ও যথেষ্ট হবে না, একই সময়ে মালাগার মাঠে রিয়াল ড্র করলেই পাঁচ বছর পর শিরোপা যাবে মাদ্রিদে! কিন্তু জিনেদিন জিদানের দল হেরে গেলে, আর বার্সা জিতলে? শিরোপা উৎসব মালাগায় নয়, হবে ন্যু ক্যাম্পে।
‘গুরুদক্ষিণা’ বলুন বা ‘ঋণশোধ’—মালাগা থেকে শিরোপাটা ন্যু ক্যাম্পে পাঠানোর স্বপ্নই দেখছেন রামিরেজ। লা লিগা ওয়ার্ল্ডকে ২১ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আশা করি আমি গোল করতে পারব, আর শিরোপাটা বার্সেলোনার হাতে তুলে দিতে পারব। আশা করি, দিনটা স্বপ্নের মতো হবে। ওদের (বার্সেলোনা) কাছে আমার অনেক ঋণ!’
ঋণ বলতে পেশাদার ফুটবলের দীক্ষাটাই রামিরেজ পেয়েছেন বার্সার একাডেমিতে। ১৪ বছর বয়সে ‘লা মাসিয়া’য় এসেছিলেন, সব সিঁড়ি ভেঙে মূল দলেও খেলেন ৩২টি ম্যাচ। কিন্তু গত মৌসুমে বিনা মূল্যে তাঁকে ছেড়ে দেয় বার্সেলোনা। মালাগায় এসে অবশ্য ভালোই করছেন, ৩০ ম্যাচে করেছেন ১৬ গোল, সর্বশেষ আট ম্যাচেই সাতটি! এর মধ্যে গত মাসে ঘরের মাঠে বার্সেলোনাকেই ২-০ গোলে হারানোর ম্যাচে একটি গোল করেছেন।
বার্সেলোনাকে যে আঘাত দিয়েছিলেন, সেই ক্ষতে রিয়ালকেও পোড়াতে চান রামিরেজ। সেটি বার্সার জন্যই। কেন? ক্লাব ছাড়লেও তিনি যে এখনো বার্সা-অন্তঃপ্রাণ, ‘(১৪ বছর বয়সে) আমার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদে যাওয়ারও। কিন্তু বার্সাকে বেশি পছন্দ করতাম, কারণ সব সময়ই বার্সা সমর্থক ছিলাম। আমার বাবাও। ওই সময় বার্সার একাডেমিতে যাওয়া অনেক কিছুই ছিল আমার জন্য।’
বার্সার জার্সি গায়ে পারেননি, এবার অন্য জার্সি গায়ে জড়িয়েই বার্সাকে কিছু ফিরিয়ে দেওয়ার স্বপ্ন তাঁর। ফোরফোরটু।