মালাগায় আসছেন গিলের্মো ওচোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিলের্মো ওচোয়া
গিলের্মো ওচোয়া

বিশ্বকাপে যে রকম দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন, তাতে হয়তো আরও বড় কোনো ক্লাবে নাম লেখাতে পারতেন গিলের্মো ওচোয়া। আর্সেনাল, লিভারপুলের মতো ক্লাবগুলো তাঁকে দলে ভেড়ানোর চেষ্টাও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ লিগের মধ্যম সারির ক্লাব মালাগাকেই বেছে নিয়েছেন মেক্সিকোর এই গোলরক্ষক।
২০০৪ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরুর পর ২০১১ সাল পর্যন্ত মেক্সিকোর ক্লাব আমেরিকাতে কাটিয়েছেন ওচোয়া। এরপর যোগ দিয়েছিলেন ফরাসি লিগের নিচের সারির ক্লাব অ্যাজাসিওতে। বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়েছিল তাঁর চুক্তির মেয়াদ। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স না দেখাতে পারলে ফ্রান্সেরই কোনো নিচের সারির ক্লাবে নাম লেখাতে হতো ওচোয়াকে।
তবে ২৯ বছর বয়সী এই গোলরক্ষক ইউরোপের আরও নামী কোনো ক্লাবে যোগ দিতে পারতেন বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়ে ইতিমধ্যেই আর্সেনালে যোগ দিয়েছেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। কোস্টারিকার কেইলর নাভাসও নাম লেখাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। সে জায়গায় ওচোয়া বেছে নিলেন এমন একটা ক্লাবকে, যারা এবারের মৌসুমে খেলতে পারবে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে।— গোল ডটকম