
মাঠে খেলোয়াড়। মাঠের বাইরে ক্লাবের মালিক। এটাই এখন দিদিয়ের দ্রগবার পরিচয়! যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের দল ফিনিক্স রাইজিং এফসিতে যোগ দেওয়ায় লাভ—ক্লাবটির একাংশের মালিকানাও পাচ্ছেন ৩৯ বছর বয়সী আইভরিয়ান স্ট্রাইকার। চীনের বিভিন্ন ক্লাব চেলসির সাবেক তারকাকে দেখিয়েছিল অর্থের প্রলোভন। ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব করিন্থিয়ানসেরও আগ্রহ ছিল তাঁকে ঘিরে। তবু যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের দলটিকেই বেছে নিলেন সাবেক চেলসি স্ট্রাইকার। কারণ কী? এখানে নাকি নতুন চ্যালেঞ্জ খুঁজে পেয়েছেন। সে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন টুইটারে, ‘এটা জানাতে পেরে আমি আনন্দিত, ফিনিক্স রাইজিং এফসিতে যোগ দিয়েছি। ক্লাবটির কিছু মালিকানাও পেতে যাচ্ছি। আশা করি, দলটিকে (যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ) এমএলএসে নিতে পারব।’ দ্রগবার মতো খেলোয়াড়কে পেয়ে দারুণ খুশি ফিনিক্স রাইজিংয়ের কর্মকর্তারাও সেটিই চান। এএফপি।