মালিকের কারণে ২৩ বছরের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে তাদের?
স্বপ্নটা আজকের নয়। ২৩ বছর ধরে এ স্বপ্নপূরণের অপেক্ষায় লড়ে যাচ্ছে তারা। নিজ দেশের শীর্ষ লিগে খেলার স্বপ্ন। এত দিন ধরে দ্বিতীয়-তৃতীয় বিভাগে থাকার পর অবশেষে ইতালিয়ান সিরি ‘আ’-তে উঠতে পেরেছে সালেরনিতানা। কিন্তু কাগজে-কলমে ওঠা নিশ্চিত হলেও আদৌ আগামী মৌসুমে জুভেন্টাস-ইন্টারের সঙ্গে একই লিগে খেলতে পারবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এ শঙ্কা-সংশয় বিচিত্র এক কারণে। সালেরনিতানার সিরি ‘আ’–তে খেলার স্বপ্নপূরণের পথে বাধা খোদ তাদের মালিক।
খোলাসা করেই বলা যাক ব্যাপারটা। সালেরনিতানা ক্লাবটির মালিকানা ২০১১ সালে চলে যায় ইতালীয় ব্যবসায়ী ক্লদিও লোতিতো। সিরি ‘আ’ অনুসারীদের কাছে লোতিতো খুব পরিচিত এক নাম। হবেন নাই–বা কেন? তিনি যে সিরি ‘আ’র আরেক নামী ক্লাব লাৎসিওর মালিক। সে হিসেবে সালেরনিতানা আর লাৎসিওকে ‘ক্লাবতুতো ভাই’ বললেও ভুল হবে না।
কিন্তু এই ‘ক্লাবতুতো’ ভাইয়ের জন্যই সালেরনিতানার আবারও শীর্ষ পর্যায়ে খেলার ইচ্ছা ধ্বংস হয়ে যেতে পারে। লিগ নিয়মাবলির ষোড়শ আর্টিকেলে স্পষ্ট উল্লেখ আছে, লাইসেন্সিং ও নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে একই ব্যক্তি একই বিভাগের দুই ক্লাবের মালিক হতে পারবেন না। ১৯৯৯ সাল থেকে সালেরনিতানা কখনো সিরি ‘আ’–তে খেলেনি, তাই এত দিন এ সমস্যার সৃষ্টি হয়নি। লোতিতোর ক্লাব লাৎসিওই এত দিন খেলে গিয়েছে সিরি ‘আ। এবার সালেরনিতানা সিরি ‘আ’–তে ওঠার পর থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে মালিকসংক্রান্ত কারণে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা ওদিন এ ব্যাপার নিয়ে নিজের মতামত সাফ জানিয়ে দিয়েছেন। দুই ক্লাবের অন্তত একটাকে বিক্রি না করলে সালেরনিতানা সিরি ‘আ’-তে খেলতে পারবে না। রাদিউও আনচিও লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাভিনা জানান, ‘এটা আসলে ফিফারই একটা নিয়ম। একই পেশাদার বিভাগে একজন লোক একের চেয়ে বেশি ক্লাবের মালিকানা নিয়ে আছেন, এমন নিয়ম করে রেখেছে ফিফা। লোতিতো বহুদিন ধরেই দুই ক্লাবের মালিক হওয়ার সুবিধা ভোগ করে আসছেন, কিন্তু সালেরনিতানার উন্নতি হওয়ার পর সবাই জেনে গিয়েছিল যে সামনে কী হতে পারে।’
সালেরনিতানা কিংবা লাৎসিওকে বিক্রি করার জন্য লোতিতোকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে এ ক্লাবকে বিক্রি করতে না পারলে সালেরনিতানার জায়গায় অন্য কোনো ক্লাবকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে, ‘নিয়ম একদম পরিষ্কার। তাঁর মালিকানা চলতে পারবে না। আর যদি তিনি মালিকের দায়িত্ব পালন করতে থাকেন, তাহলে সালেরনিতানা সিরি ‘আ’–তে খেলতে পারবে না।’
ঠিক এ কারণেই সেদিন পেসকারাকে ৩-০ গোলে হেসেখেলে হারানোর পরে প্রমোশন নিশ্চিত হওয়ার পরও ঠিকঠাক উদ্যাপন করতে পারছেন না দলটার খেলোয়াড়েরা।
সেই ১৯৯৮-৯৯ মৌসুমে শীর্ষ পর্যায়ে শেষবার সালেরনিতানা যখন সিরি ‘আ’ খেলেছিল, দলে ছিলেন জেনারো গাত্তুসো, রিগোবার্ট সং ও মার্কো দি ভাইওর মতো তারকারা। কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক ওয়ালতার জেঙ্গাও খেলে গেছেন এ দলের হয়ে।