মালেতে পাঁচ গোলের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোচেরই এটি ছিল নিজ নিজ দলে অভিষেক ম্যাচ। তাতে বাংলাদেশ কোচ টম সেন্টফিটকে হারিয়ে দিলেন মালদ্বীপের কোচ ড্যারেন স্টুয়ার্ট। এই অস্ট্রেলিয়ান কোচেরই তো জেতার কথা। খেলাটা মালেতে বলে ঘরের মাঠের সুবিধা পুরোপুরিই নিয়েছে তাঁর দল। তা ছাড়া সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকার ফলও তারা পেল এই প্রীতি ম্যাচে। তবে স্কোরলাইন লজ্জাজনক এবং অবিশ্বাস্য। বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে মালদ্বীপ বুঝিয়ে দিল এই বাংলাদেশ কোথায় নেমেছে!
মালদ্বীপের কাছে গত ডিসেম্বরেই কেরালা সাফে বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। সেটা মনে রেখেই বাংলাদেশ কোচ ড্রতেই খুশি থাকবেন বলেছিলেন মালদ্বীপে পৌঁছে। কিন্তু ড্র করার সামর্থ্যও যে তাঁর দলের নেই, খেলা দেখে তা ভালোই বোঝা গেছে। সেন্টু সেন, জাফর ইকবালদের অভিষেক ঘটিয়ে দিলেন সেন্টফিট। কিন্তু তাঁর আস্থার প্রতিদান দিতে পারেননি নবীনরা। পুরো ম্যাচে মালদ্বীপ খেলেছে একতরফা। বাংলাদেশ কোনো আক্রমণই করতে পারেনি।
এত দিন বলা হতো, বাংলাদেশ দলে গোল করার লোক নেই। এখন তো রক্ষণেও বিরাট শূন্যতা, নির্ভর করার মতো একজন ডিফেন্ডারই খুঁজে পাওয়া যায় না। সামান্য চাপেই ভেঙে পড়ছে নাসিরউদ্দিনদের নিয়ে গড়া রক্ষণ। মালদ্বীপ সেটা ভালোই কাজে লাগিয়ে গোল করল হেসেখেলে। প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারা যদি বাংলাদেশ দলের কৃতিত্ব হয়, দ্বিতীয়ার্ধে ভরাডুবির জন্য দায়ী বাংলাদেশের রক্ষণ। আর বাজে গোলকিপিং তো আছেই। তবে শুধু রক্ষণ আর গোলকিপারের ওপর দোষ চাপালে আসল সত্য আড়ালেই থাকে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আসলে কোনো লড়াইয়ের মানসিকতাই দেখা গেল না। এঁদের সামনে মালদ্বীপ যেন ‘ব্রাজিল’ হয়ে গেল! ১৯৮৫ সালে বাংলাদেশের সামনে ৮-০ গোলে উড়ে যাওয়ার প্রতিশোধ যেন নিল মালদ্বীপ। হ্যাটট্রিক করে আসাদুল্লাহ আবদুল্লাহ তছনছ করে দেন বাংলাদেশকে।
এই ছন্নছাড়া ফুটবল শঙ্কা তৈরি করছে ভুটানের বিপক্ষেও, না জানি বাংলাদেশের ভরাডুবি হয়!