মালেতেও দুই গোলে হার আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরু এফসিকে ঘরের মাঠে দুই গোলে হারানোর আত্মবিশ্বাস কোনো কাজেই লাগল না। মালদ্বীপের মাজিয়ার কাছে আবারও হেরেছে আবাহনী। কাকতালীয়ভাবে দুটি পরাজয়ই একই ব্যবধানে—২-০। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পর আবাহনী কাল হারল মালে জাতীয় স্টেডিয়ামে।
ফিরতি ম্যাচে ৫৮ মিনিট পর্যন্ত স্বাগতিক দলকে আটকে রেখে আবাহনীর ড্রয়ের আশা কিছুটা হলেও জাগিয়ে তোলে। কিন্তু শেষ রক্ষা হলো না ঢাকার চ্যাম্পিয়নদের। ৫৯ মিনিটে মোহাম্মদ উমাইর আবাহনীর জালে প্রথম বল পাঠান। ঢাকায়ও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার রাকিচ।
পাঁচ ম্যাচে মাজিয়ার এটি চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে এএফসি কাপে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে দলটি। ‘ই’ গ্রুপ থেকে সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরু এফসি দুইয়ে। কাল মোহনবাগানের কাছে ৩–১ গোলে হেরেছে বেঙ্গালুরু। এটি তাদের টানা দ্বিতীয় হার। ৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান তিনে। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া আবাহনী পাঁচ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে। ঘরে মাঠে আকাশি-নীলরা শেষ ম্যাচ খেলবে ৩১ মে, প্রতিপক্ষ মোহনবাগান।