মালয়েশিয়া মাতাচ্ছেন আবাহনীর লি টাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী ধরে রাখতে পারেনি লি টাককে। ছবি: প্রথম আলো
আবাহনী ধরে রাখতে পারেনি লি টাককে। ছবি: প্রথম আলো

‘এলেন, দেখলেন, জয় করলেন, আবার চলেও গেলেন’—গত মৌসুমে আবাহনীর হয়ে বাংলাদেশের ফুটবল মাতিয়ে যাওয়া ইংলিশ ফুটবলার অ্যান্ড্রু লি টাকের ব্যাপারে কথাগুলো খুব যায়। মাত্র এক মৌসুম খেলেই মন জয় করেছিলেন ফুটবলপ্রেমীদের। যাঁরা নিয়মিত বাংলাদেশের ফুটবল অনুসরণ করেন, এই মিডফিল্ডারের পায়ের জাদুতে এখনো বুঁদ তাঁরা। গত মৌসুমে প্রিমিয়ার লিগসহ আবাহনীকে জিতিয়েছিলেন ফেডারেশন কাপের শিরোপা। লিগে নিজে করেছেন ১০ গোল। সর্বোচ্চ ১৯ গোল করা নাইজেরিয়ান সতীর্থ সানডের বেশির ভাগ গোলেও ছিল তাঁর পরোক্ষ অবদান। আবাহনী সেই লি টাককে রাখতে পারেনি। তিনি এখন মাতাচ্ছেন মালয়েশিয়া। 
২৯ বছর বয়সী লি মৌসুমের শেষেই আবাহনীর সঙ্গে আর চুক্তি নবায়ন করেননি। চলে যান মালয়েশিয়া লিগে খেলতে। নাম লেখান প্রিমিয়ার লিগের ক্লাব নেগেরি সেমবিলান এফএ-তে। সেখানেও এফএ কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। ক্লাবটির কর্তারা তাঁর ওপর সন্তুষ্ট হয়ে অধিনায়কত্বই দিয়ে দিয়েছেন তাঁকে। 
প্রথম আলোকে লি টাক মালয়েশিয়ার গল্পই বলেছেন। ‘যেকোনো দলের অধিনায়কত্ব করতে পারাটা অনেক গর্বের। মালয়েশিয়া এসে এত দ্রুত অধিনায়কত্ব পাব, এটা ভাবিনি। দল নিয়ে এখন আমার অনেক পরিকল্পনা। ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হচ্ছে। কাপ ও লিগ মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোল করেছি, করিয়েছি ১৯টি।’ লি টাকের ক্লাব প্রিমিয়ার লিগে এখন ৩ নম্বরে আছে। গত মৌসুমে চতুর্থ হওয়া দলটি এর আগে দুবার লিগ শিরোপা জিতেছে।