মালয়েশিয়ার চ্যালেঞ্জ
গত বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া। তবে এবার সেই দলটি আসেনি। মালয়েশিয়ান সুপার লিগের পঞ্চম স্থানের দল ফেলদা ইউনাইটেড এফসি খেলবে মালয়েশিয়া একাদশ নামে। গতবারের বিজয়ী দলটির কেউ-ই নেই এবারের দলে।
তবে মালয়েশিয়ার বর্তমান জাতীয় দলের দুজনসহ আছে জাতীয় দলের সাবেক খেলোয়াড়ও। শক্তিতে এই দলটাও কম যায় না। কাল মালয়েশিয়ার কোচ ইরফান বাক্ত সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিলেন শিরোপা ধরে রাখতেই এসেছেন, ‘আমরা এখানে ছুটি কাটাতে আসিনি। চ্যাম্পিয়ন হতেই এসেছি। তবে আমাদের কাজটা সহজ হবে না। কেননা, প্রতিপক্ষ হিসেবে অন্য দেশের জাতীয় দলের সঙ্গেই খেলতে হবে আমাদের।’
বাক্ত মাঠে বসে দেখেছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথমার্ধের খেলা। এরপরই জানালেন তাঁর মূল চ্যালেঞ্জ বাংলাদেশকে হারানো, ‘বাংলাদেশ খুবই ভারসাম্যপূর্ণ দল। নিজেদের মাঠ ও দর্শকের সামনে খেলবে। মানসিকভাবেও ওরা এগিয়ে থাকবে।’
আজ নেপালের সঙ্গে প্রথম ম্যাচ মালয়েশিয়ার। ফেব্রুয়ারির এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে নেপাল অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছে। তবু কোচ বালগোপাল মহাজনের চোখটা ওপরের দিকেই, ‘আমরা শক্তিশালী গ্রুপে পড়েছি। তারপরও সেমিফাইনাল খেলতে চাই।’