মালয়েশিয়ায় গন্ডগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচের অনুরোধ রাখল না মালয়েশিয়ার ফুটবল-ভক্তরা। তাই নির্বিঘ্নে শেষ হতে পারল না সৌদি আরব-মালয়েশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচটা। আরব আমিরাতের কাছে ১০-০ গোলে হারের পর তেতে থাকা দর্শকদের গন্ডগোল না করতে অনুরোধ করেছিলেন ওং কিম সুয়ি। কিন্তু কাল মালয়েশিয়া তুলনামূলক অনেক ভালো খেলার পরও দর্শক হাঙ্গামা হলো শাহ আলম স্টেডিয়ামে। সহিংসতা এতটাই মাত্রা ছাড়াল যে ৮৮ মিনিটে খেলাই বন্ধ করে দিতে হলো। প্রথমে গোল দিয়েও মালয়েশিয়া তখন পিছিয়ে ১-২ গোলে। ম্যাচ আর শুরু হয়নি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে ফিফা।
এদিকে কাল আরেকটি বিস্ময় উপহার দিয়েছে পুঁচকে গুয়াম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশটি এবার নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে ওমানের সঙ্গে। ১ লাখ ৬৫ হাজার জনসংখ্যার গুয়াম দেশের মাটিতে প্রথম দুই ম্যাচে হারিয়েছিল তুর্কমেনিস্তান ও
ভারতকে।
বাংলাদেশের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া কাল দুশানবেতে ৩-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। ‘ডি’ গ্রুপে ভারত ৩-০ গোলে হেরেছে ইরানের কাছে। ৬-০ গোলে জয় পেয়েছে সিরিয়া ও জাপান। যুদ্ধপীড়িত সিরিয়া কম্বোডিয়াকে হারিয়েছে, জাপান আফগানিস্তানকে। এএফপি।