মাস খানেক আগেই দুঙ্গার দল
দল ঘোষণার জন্য সময় পাচ্ছেন ১ জুন পর্যন্ত। কিন্তু তত দিন অপেক্ষা করতে রাজি নন স্বয়ং ব্রাজিল কোচ দুঙ্গাই। কোপা আমেরিকার জন্য আগামী ৫ মে ২৩ জনের চূড়ান্ত দল দিয়ে দেবেন তিনি। মাস খানেক আগেই যে দুঙ্গা দল দিয়ে দেবেন— এটি নিশ্চিত করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ওয়েবসাইটেও।
ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পরে দুঙ্গার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপের পর আট ম্যাচ খেলে দুঙ্গার দল জিতেছে সবগুলোতেই, গোল খেয়েছে মাত্র দুটি। দল দারুণ ছন্দে আছে বলেই হয়তো পরীক্ষা-নিরীক্ষা বেশি প্রয়োজন মনে করছেন না ব্রাজিল কোচ। এ কারণেই চূড়ান্ত দল ঘোষণা করতে খুব বেশি সময়ও নিতে চান না তিনি।
আটবার কোপা আমেরিকার শিরোপাজয়ী ব্রাজিল এবার ‘সি’ গ্রুপে খেলবে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলার সঙ্গে। চিলির তেমুচু স্টেডিয়ামে ১৪ জুন পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুঙ্গার দলের কোপা আমেরিকা মিশন। কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৭ ও ২১ জুন। অবশ্য এর আগেই ৭ ও ১০ জুন মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গোলডটকম।